Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টার্মিনাস সংস্কার ও সুইমিংপুল তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ পুরসভা

টার্মিনাস সংস্কার ও সুইমিংপুল তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ পুরসভা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মনোজিৎ নাগ বাস টার্মিনাসের সংস্কার ও শহরে একটি সুইমিংপুল তৈরির জন্য আলিপুরদুয়ার পুরসভা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হল। শুক্রবার কয়েক জন কাউন্সিলারকে সঙ্গে নিয়ে পুরসভার চেয়ারম্যান দিনহাটায় দপ্তরের মন্ত্রীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই মন্ত্রীকে মৌখিকভাবে পুরসভার তরফে এই প্রস্তাব দেওয়া হয়। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর মন্ত্রী আলিপুরদুয়ার পুরসভাকে বিষয়টি লিখিত আকারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানাতে বলেছেন।
Advertisement
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, আলিপুরদুয়ার পুরসভা একটি বাস টার্মিনাস সংস্কার ও একটি সুইমিংপুলের জন্য আর্জি জানিয়েছে। পুরসভাকে লিখিত আকারে এই উন্নয়ন প্রস্তাব দিতে বলেছি।
আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে এর আগে আটটি ওয়ার্ডের রাস্তাঘাট মেরামতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অর্থ দিয়েছিল। এবার বাকি ১২টি ওয়ার্ডের রাস্তাঘাট মেরামত সহ মনোজিৎ নাগ বাস টার্মিনাসের সংস্কার ও শহরে একটি সুইমিংপুল তৈরির দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েছে পুরসভা। তাহলে কী আলিপুরদুয়ার পুরসভা আর্থিক সঙ্কটে পড়েছে? তার জন্য কী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হতে হল পুরসভাকে? 
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর অবশ্য বলেন, বিষয়টি ঠিক তা নয়। আসলে সংশ্লিষ্ট দপ্তর পুরসভাগুলিকে অর্থ দেয়। এর আগে ওই দপ্তর পুরসভার আটটি ওয়ার্ডের রাস্তা সংস্কারে অর্থ দিয়েছিল। এবার শহরের আরও উন্নয়নের জন্যই মনোজিৎ নাগ বাস টার্মিনাসের সংস্কার ও শহরে একটি সুইমিংপুল তৈরির জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছি। রাজ্য বিধানসভার অধিবেশন শেষ হলেই পুরসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে এবিষয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে। এই প্রস্তাবের সঙ্গে পুরসভার আর্থিক সঙ্কটের কোনও সম্পর্ক নেই।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরসভার মনোজিৎ নাগ বাস টার্মিনাসটি ধুকঁছে। বেহাল দশা টার্মিনাসের যাত্রী শেডের। তেমনি বেহাল দশা টার্মিনাস ঢোকার রাস্তারও। টার্মিনাস চত্বরে আলো নেই বললেই চলে। টিকিট কাউন্টারগুলিরও ভগ্নদশা। পুর চেয়ারম্যান বলেন, সুইমিংপুলের জন্য জমির কোনও সমস্যা হবে না। শহরে অনেক জমি আছে।
সম্পর্কিত সংবাদ