সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার রাতে কাঁথির পেটুয়াঘাট মৎস্যবন্দরে ট্রলার থেকে পড়ে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সুবল মণ্ডল(৫৬)। তাঁর বাড়ি খেজুরির মুরলিচকের কটকা দেবীচক এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ওই সুবলবাবু। মাছ ধরা শেষ করে পেটুয়াঘাট বন্দরে ফিরে আসেন। রাত ন’টা নাগাদ ট্রলার থেকে নামতে গিয়ে রসুলপুর নদীর পাড়ে কংক্রিটের চাতালের উপর পড়ে যান। নাকে ও মুখে জোর আঘাত পান। তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।



