সংবাদদাতা, মানকর: কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর থেকে আউশগ্রামের দেবশালা যাওয়ার রাস্তার বেশকিছু জায়গায় পড়ে রয়েছে কাদা। ফলে সমস্যায় পড়ছেন পথচারী থেকে বাইক ও সাইকেল চালকরা। দেবশালা, রাইকোণা সহ বিস্তীর্ণ এলাকার জমিতে ধানচাষ হয়েছে। ট্রাক্টরে করে চাষিরা সেই ধান পিচরাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন ঘরে। ট্রাক্টরের চাকায় ওঠা কাদামাটি রাস্তার উপর পড়ছে। গাড়ি, বাইক চালকরা রাস্তার উপর থেকে কাদা তুলে ফেলার দাবি করছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
Advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষি বলেন, ধান কাটার মরশুম চলছে। বড় মেশিনেও ধান কাটা হচ্ছে। ট্রাক্টরে করে সেই ধান মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বড় ধান কাটার মেশিন বা ট্রাক্টর মাঠ থেকে উঠে পিচরাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠের কাদামাটি রাস্তার উপর পড়ছে। বাইক আরোহী মহম্মদ রাজা বলেন, রাস্তায় কাদা পড়ে থাকার ফলে যাতায়াতের গতি কমে গিয়েছে। দীর্ঘ সময় লেগে যাচ্ছে। সময়ে অফিস যেতে দেরি হচ্ছে। এক সাইকেল আরোহী বলেন, রাস্তায় কাদামাটি পড়ে রয়েছে। এভাবে থাকলে ভালো রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাবে। তাছাড়া জল পেলেই এই কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে যাবে। তাতে সাইকেল, বাইকের চাকা স্লিপ করে। কোথাও কোথাও বেশি কাদা পড়ে থাকে। বড় গাড়ি গেলে তা ছিটকে এসে গায়ে লাগে। বাইক চালকদের একাংশের দাবি, বিষয়টি নিয়ে সচেতন করা হোক চাষিদের। রাস্তা থেকে কাদামাটি তোলার জন্য তাঁরা দাবি জানিয়েছেন। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের কাছে একই দৃশ্য দেখা যায়। সড়কে কাদা পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুর্গাপুরে বাইক নিয়ে আসেন বেসরকারি সংস্থার কর্মী সুমন্ত ঘোষ। তিনি বলেন, মাঠের কাদা জমা হচ্ছে রাজ্য সড়কে। ফলে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাইক চালাতে হচ্ছে।



