সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জমিতে হাল দেওয়ার সময় অসাবধানতার কারণে ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু হল ৭ বছরের এক শিশুর। শনিবার সকালে কালিয়াগঞ্জ থানার অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকার ঘটনা। এদিন প্রসেনজিত্ দেবশর্মা নিজের জমিতে ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছিলেন। সেসময় ট্রাক্টরেই বসে ছিল শিশুটি। জমির আল পার হওয়ার সময় ট্রাক্টরটি ঝাঁকুনি দেওয়ায় পড়ে যায় শিশুটি। পড়ে লোহার ফলায় ক্ষতবিক্ষত হয়ে যায় শিশুটির দেহ। তড়িঘড়ি তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াগঞ্জ থানার পুলিস। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



