Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরে বহন করা কাদামাটি পড়ে ঘাটালে রাস্তা চলাচলের অনুপযুক্ত, ক্ষোভ প্রধানের

ট্রাক্টরে বহন করা কাদামাটি পড়ে ঘাটালে রাস্তা চলাচলের অনুপযুক্ত, ক্ষোভ প্রধানের
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ব্যস্ত রাস্তার উপর দিয়ে সারাদিন চলছে ট্রাক্টরে করে মাটি বহনের কাজ। এর ফলে ট্রাক্টর থেকে কাদা মাটি পিচ রাস্তার উপর পড়ছে। সেজন্য ঘাটাল ব্লকের দন্দিপুর-উদয়পুর রাস্তার নিত্য যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন। রাস্তার দু’দিকের বাসিন্দারা জানান, ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি পড়ার বিষয়ে প্রতিবাদ করতে গেলে মাটি মাফিয়ারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। রাস্তাটি বীরসিংহ গ্রামপঞ্চায়েতের অধীন। পিচ রাস্তার উপর কাদামাটি পড়ে রাস্তা দিয়ে চলাচলের যে সমস্যা হচ্ছে তা স্বীকার করেছেন ওই গ্রামপঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের ওই অঞ্চল সভাপতি প্রশান্ত রায়। তিনি বলেন, ‘আমি নিজে গিয়ে রবিবার সকালে গাড়ি চালকদের কাছে আপত্তি জানিয়ে এসেছি। কিন্তু ওরা কারও কথাই মানছে না। বিষয়টি পুলিস ও প্রশাসনকে জানানোর ব্যবস্থা করা হবে।’
Advertisement
বরদার চৌকান থেকে একটি রাস্তা আরামবাগ রাস্তার দন্দিপুর বাসস্টপ  থেকে একটি শাখা রাস্তা উদয়পুর পর্যন্ত গিয়েছে। সম্প্রতি দন্দিপুরের হাজারি পাড়ার একটি জায়গা থেকে মাটি তুলে ১০-১২টি ট্রাক্টরে করে দন্দিপুর-উদয়পুর রাস্তার উপর দিয়ে অন্যত্র ‘পাচার’ করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে না। এদিন রবিবার থাকায় ঘাটাল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গ্রামপঞ্চায়েতের প্রধানের মাটি কাটা ও পাচার নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি জানান, মাটি কাটার বৈধতা নিয়েও আমি সন্দিহান। এবিষয়ে গ্রামপঞ্চায়েতেও কোনও খবর নেই। তাছাড়া ওইভাবে মাটি কাটার অনুমতি  ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কোনওভাবেই দিতে পারে না।স্থানীয় বাসিন্দা লেবা কিস্কু, রাজেন্দ্র মুর্মু, বাপি ঘোষ, নানু রায় প্রমুখ জানান, ওই রাস্তার উপর দিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যে পর্যন্ত ১০-১২টি ট্রাক্টর অবিরাম মাটি বয়ে চলেছে। ট্রাক্টর থেকে কাদা মাটি রাস্তার উপর পড়ে পিচ রাস্তাও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সেজন্য বাইক ও সাইকেল নিয়ে যাতায়াতের সময় চালকদের সমস্যা হচ্ছে। ট্রাক্টরগুলির তাণ্ডব এতটাই যে, রাস্তার পাশে থাকা সাইকেলগুলিকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আপত্তি করলে মাটি মাফিয়া প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা চান, পিচ রাস্তার উপর কাদামাটিগুলি যেন না পড়ে। তার জন্য ট্রাক্টরে কম পরিমাণ মাটি লোড করে বহন করা হোক। তাহলে রাস্তাটা ঠিক থাকবে। একই মন্তব্য প্রধানও করেছেন। তিনি বলেন, ‘সোমবার থেকে রাস্তার উপর মাটি পড়া বন্ধ না হলে প্রশাসনের সাহায্য নেওয়া হবে।’ 
সম্পর্কিত সংবাদ