Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প: ভাবাদিঘির জমি জট কাটাতে তৎপরতা নবান্নের

তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প: ভাবাদিঘির জমি জট কাটাতে তৎপরতা নবান্নের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তারকেশ্বর-বিষ্ণুপুর প্রস্তাবিত রেল প্রকল্পের জন্য ভাবাদিঘিতে জমিজট কাটাতে এবার তৎপর হয়েছে নবান্ন। গত শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে দ্রুত জমিজট কাটাতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আশার আলো দেখছেন বাসিন্দারা। ভাবাদিঘির আন্দোলনকারীরাও চান দ্রুত সমস্যা মিটুক। তাঁদের দাবি মতো দিঘি রক্ষা করে রেললাইন পাতা হোক। ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন, সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি ভাবাদিঘির জমিজট কাটাতে রাজ্য বৈঠক করেছে। দ্রুত জট কাটাতে আলোচনা হয়েছে ওই বৈঠকে। এতে আমরাও আশার আলো দেখছি। আমরা ইতিমধ্যে নবান্ন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছি, যাতে দ্রুত বিষয়টির সমাধান হয়। এরজন্য পরিবেশ দপ্তর, মানবাধিকার কমিশন সহ সব দপ্তরকে নিয়ে প্রয়োজনে আমাদের সঙ্গে আলোচনার রাস্তাও খোলা রয়েছে। সুকুমারবাবু আরও বলেন, কেন্দ্র ও রাজ্য কোনও সরকারেরই এই রেল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সদিচ্ছা নেই। তাই দেরি হচ্ছে। আমরা চাই প্রস্তাবিত রেললাইন হোক। কিন্তু আমাদের দিঘি বাঁচিয়ে তা করা হোক। উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপর পর্যায়ক্রমে তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত রেললাইন পাতা হয়। পরে তা গোঘাট পর্যন্তও হয়। বর্তমানে এই শাখায় তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল করছে। কিন্তু গোঘাটের পর ভাবাদিঘি এলাকায় আপাতত জমিজটে থমকে রয়েছে কাজ। একইসঙ্গে বিষ্ণুপুরের দিকেও এখনও লাইন পাতার কাজ অসম্পূর্ণ রয়েছে। হুগলির পাশাপাশি বাঁকুড়া জেলার মানুষ উপকৃত হবেন এই রেল প্রকল্পের মাধ্যমে। কিন্তু এখনও এই শাখায় সম্পূর্ণ পরিষেবা অধরা। স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত জমি জট কাটিয়ে রেললাইনের কাজ হোক। তবে, এই নিয়ে রাজনৈতিক মহলে তরজাও জারি রয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, রাজ্য সরকার ভাবাদিঘির জট কাটাতে চায় না। তারা তৃণমূল নেতাদের স্বার্থে জট পাকিয়ে রেখেছে। নইলে এতদিন প্রকল্প হয়ে যেত। তবে আমরাও চেষ্টা করছি যাতে দ্রুত এর নিষ্পত্তি হয়। পাল্টা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ