সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। মৃতের নাম মণি শেখ(৪৫)। তাঁর বাড়ি ইসলামপুরের নশিপুরে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাজারে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মণিবাবু সাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। ইসলামপুরের সেনপাড়ার কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নীচে পড়ে যান। মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিস ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করেছে।