সংবাদদাতা, বর্ধমান: লিজ নিয়ে ১৪ চাকার ট্রাক কাটাই করে পাচারের চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম সাহেব শেখ। তার আদিবাড়ি রায়না থানার বয়রা গ্রামে। বর্তমানে সে বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা এলাকায়। বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের উল্লাসমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস মালদহ জেলার কালিয়াচক থানা এলাকা থেকে কাটাই করা ট্রাকের কিছু অংশ বাজেয়াপ্ত করেছে। পুলিসের দাবি, ঘটনায় জড়িত থাকার কথা ধৃত স্বীকার করেছে। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক তাকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।



