Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকে ঢিল মেরে ছিনতাইয়ের চেষ্টা

ট্রাকে ঢিল মেরে ছিনতাইয়ের চেষ্টা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। একাধিক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইকারীরা। সোমবার সকালে এমনই দুই ছিনতাইকারীকে ধরে পুলিসের হাতে তুলে দিলেন প্রাতর্ভ্রমণকারীদের একাংশ। সাতসকালে ঘটনাটি ঘটেছে দেশবন্ধুপাড়ায়।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম কিশোর বর্মন এবং বিশ্বজিৎ দত্ত। কিশোরের বাড়ি শহিদ কলোনি এবং বিশ্বজিতের বাড়ি সূর্যসেন কলোনিতে। এদিন ভোরবেলায় বালিবোঝাই একটি লরি ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই দুই দুষ্কৃতী গাড়ির সামনের কাঁচে ঢিল মারে। এরপরই দাঁড়িয়ে যায় লরিটি। তারপর দুই দুষ্কৃতী ট্রাকে উঠে চালকের থেকে টাকা পয়সা, মোবাইল সহ বাকি সামগ্রী ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চিৎকার করেন লরিচালক। ভোরবেলায় ওই এলাকা দিয়ে প্রাতর্ভ্রমণ করছিলেন কয়েকজন। চিৎকার শুনে তাঁরা ছুটে যান। দুষ্কৃতীরা প্রথমে তাদেরও ভয় দেখানোর চেষ্টা করে। যদিও পরে তাদের দু’জনকে পাকড়াও করতে সক্ষম হন সকলে। এরপর শিলিগুড়ি থানায় খবর দেওয়া হলে পুলিস এসে কিশোর ও বিশ্বজিতকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিনই ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা দু›জনকে গ্রেপ্তার করেছি। আমাদের শহরে যখনই এই ধরনের ঘটনা ঘটে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে দুষ্কৃতীদের দমন করি। আমরা নজরদারি বাড়াচ্ছি।
শহর শিলিগুড়িতে ছিনতাইকারীদের একটি দলকে সম্প্রতি গ্রেপ্তার করেছিল পুলিস। বাইকে চেপে মহিলাদের গলার থেকে সোনার চেন ছিনতাই করত তারা। দলের চারজনকে গ্রেপ্তার করা হয়। সবকটি ঘটনায় পরবর্তীতে পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করলেও দুষ্কৃতীরা যে শহরে খুবই সক্রিয় তা ফের প্রমাণিত হল। পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে শিলিগুড়ির বিভিন্ন থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই সহ একাধিক ঘটনার সঙ্গে এই দুষ্কৃতীরা অনেক আগে থেকেই জড়িত ছিল।
সম্পর্কিত সংবাদ