নয়াদিল্লি: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মিশ্র দিন ভারতের। পুরুষদের ডাবলসে শেষ আটে দৌড় থামল চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটির। শুক্রবার তাঁরা ২১-১৮, ২১-৯ স্ট্রেট গেমে উড়ে গেলেন চীনের ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েইকেং জুটির কাছে। তবে মহিলাদের বিভাগে অনবদ্য লড়াই মেলে ধরে সেমি-ফাইনালে উঠলেন তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ। কোয়ার্টার ফাইনালে তাঁরা ১৬-২১, ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জিয়া ই ফান-ঝ্যাং শু জিয়াং জুটিকে। সেই সুবাদে দীর্ঘ দেড় দশক পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত হল ভারতের। উল্লেখ্য, ২০১১ সালে শেষবার এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল জোয়ালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি।



