Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ট্রং রুমের ২০০ মিটার দূরে তৃণমূলের ‘ভোটরক্ষা ক্যাম্প’, কটাক্ষ বিজেপির

প্রথম দফার নির্বাচনের ইভিএমগুলি বোলপুর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

স্ট্রং রুমের ২০০ মিটার দূরে তৃণমূলের ‘ভোটরক্ষা ক্যাম্প’, কটাক্ষ বিজেপির
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: প্রথম দফার নির্বাচনের ইভিএমগুলি বোলপুর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আগামী ৪ মে এই কেন্দ্রেই বোলপুর, নানুর এবং লাভপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে।

Advertisement

ভোটের ফল ঘোষণার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনোরকম ঝুঁকি না নিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রং রুম চত্বরজুড়ে বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা। যাতে সর্বক্ষণ নজরদারি চালানো যায়। এছাড়াও অত্যাধুনিক লাইটও লাগানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, স্ট্রং রুমের ভিতরেও প্রতিটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধিকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই স্ট্রং রুম থেকে প্রায় ২০০ মিটার দূরে বোলপুর-শ্রীনিকেতন রোডে তৃণমূল কংগ্রেস একটি ভোট রক্ষা ক্যাম্প গড়ে তুলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত বোলপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগেই এই ক্যাম্প করা হয়েছে। এখানে বোলপুর শহরের ২২টি ওয়ার্ড, গ্রামীণ এলাকার ৩টি অঞ্চল এবং ইলামবাজার ব্লকের কর্মী সমর্থকরা পালা করে দায়িত্ব পালন করছেন। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় ভাগ করে ক্যাম্পে নজরদারি চালানো হচ্ছে, এরপর রাতভরও কর্মীরা দায়িত্ব সামলাচ্ছেন।
বোলপুর পুরসভার উপ পুরপ্রধান ওমর শেখ জানান, আমরা তৃণমূলের কর্মীরা ২৪ ঘণ্টাই পালা করে এখানে রয়েছি। যাতে কোনো অপশক্তি ফল ঘোষণার আগে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
এই ক্যাম্পে প্রায় প্রতিদিনই হাজির থাকছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, দলীয় নির্দেশ মেনেই এই ক্যাম্প করা হয়েছে। আমাদের কর্মীরা সব সময় সজাগ রয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরাও সতর্ক রয়েছি। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ক্যাম্প চলবে।
অন্যদিকে, তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, নির্বাচন কমিশন যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। স্ট্রং রুম সম্পূর্ণ সুরক্ষিত। সেখানে এই ধরনের ক্যাম্পের কোনো প্রয়োজন নেই। নিয়ম না মেনে বহু লোকের জমায়েত ঘটছে। বরং এই ক্যাম্প থেকেই তৃণমূলের কর্মীরা অসামাজিক কাজ করছে বলে আমাদের অভিযোগ। আমাদের প্রার্থী খোকন দাসের ওপর হামলার ঘটনাতেও ওই ক্যাম্পের কর্মীদেরই ভূমিকা ছিল। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ