Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলায় তৃণমূলের ধরনা জৌলুসহীন, ভুল বানানের ছড়াছড়ি

মাত্র মাস তিনেক আগে ধর্মতলায় ধরনায় বসেছিল ‘সরকারি’ তৃণমূল। এসআইআর বিরোধী সেই ধরনায় এলাহি ব্যবস্থা ছিল।

ধর্মতলায় তৃণমূলের ধরনা জৌলুসহীন,  ভুল বানানের ছড়াছড়ি
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র মাস তিনেক আগে ধর্মতলায় ধরনায় বসেছিল ‘সরকারি’ তৃণমূল। এসআইআর বিরোধী সেই ধরনায় এলাহি ব্যবস্থা ছিল। গানের অনুষ্ঠান থেকে নেতাদের মেলা। কিন্তু গত তিন মাসে পরিস্থিতি বদলেছে। সেই মঞ্চ থেকে বিতর্কের খোরাকও পাওয়া গিয়েছিল। ‘ধরনা’ মঞ্চে তত্কালীন তৃণমূল নেতা বর্তমানে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কবিতা বলার সময় থামিয়েছিলেন মমতা। সেসব এখন অতীত! মঙ্গলবার দুপুরে ধরনায় বসল ‘বিরোধী’ তৃণমূল। সেখানে নেই কোনও জাঁকজমক। নেই আলোর রোশনাই। নেই গান-বাজনা। নেই মঞ্চ। নেই ঋতব্রতও।

Advertisement

‘সরকারি’ তৃণমূল মাস তিনের আগে যে ধরনায় বসেছিল, সেখানে ‘ধরনা’ বানান নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তৃণমূল সেসবে কর্ণপাত করেনি। তবে এদিন ‘বিরোধী’ তৃণমূলকে দেখা গেল পুরানো বানান ছেড়ে ‘ধর্না’য় ফিরতে। এদিনের ফ্লেক্সে লেখা ‘ধর্না’। পোস্টারে ধরা পড়ল ভুল ইংরেজিও। ‘ডোন্ট এভিক্ট হকার্স’ লিখতে গিয়ে ‘এভিক্ট’ বানান ভুল! তৃণমূলের এমন দৃশ্যত পরিবর্তন মানতে পারছেন না অনেকেই। এদিন তৃণমূলের ধরনায় যোগ দিতে আসা কর্মীদের মুখে শুধুই ‘গদ্দার’দের প্রতি বিষোদ্গার। কোনটা ঠিক, কোনটা ভুল, খোঁজার চেষ্টা। দীর্ঘনিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কেউ কেউ বলে উঠছেন, ‘আমাদের সরকারটা চলেই গেল!’

Advertisement
সম্পর্কিত সংবাদ