Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত ২ ব্লকে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ঘিরে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

ক’দিন পরেই তৃণমূলের ‘একুশে জুলাই’-এর সমাবেশ। রাজ্যের সর্বত্র এখন প্রস্তুতি বৈঠক করছে তৃণমূল।

বারাসত ২ ব্লকে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ঘিরে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন পরেই তৃণমূলের ‘একুশে জুলাই’-এর সমাবেশ। রাজ্যের সর্বত্র এখন প্রস্তুতি বৈঠক করছে তৃণমূল। বুধবার বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি বৈঠক হয়। কিন্তু সেখানে গরহাজির ছিল দলের একাংশ, যা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। এভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

হাড়োয়া ও মধ্যমগ্রাম, দু’টি বিধানসভার মধ্যে পড়ে বারাসত ২ নম্বর ব্লক। হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম। মধ্যমগ্রামের বিধায়ক খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কয়েকমাস আগে বারাসত ২ নম্বর ব্লকের  তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষ প্রয়াত হয়েছেন। তারপর এখনও পর্যন্ত নতুন ব্লক সভাপতি নির্বাচন হয়নি। ফলে এই ব্লকে তৃণমূল এখন কার্যত ‘অভিভাবকহীন’ বলেই মত নিচুতলার কর্মীদের। আর সেই কারণেই দলীয় কোন্দল মাথাচাড়া দিচ্ছে বলে সূত্রের খবর। একুশে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচি ঘিরে সেই কোন্দলই বেআব্রু হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ক’দিন আগে বিধানসভাভিত্তিক প্রস্তুতি বৈঠক করেছেন হাড়োয়ার বিধায়ক। সেখানে দেখা যায়নি বারাসত ২ নম্বর ব্লক তৃণমূলের সিংহভাগ নেতাকে। তবে প্রকাশ্যে এনিয়ে কেউ মুখ খোলেননি। বুধবার বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লকের প্রস্তুতি বৈঠকে আবার হাড়োয়ার বিধায়কের অনুগামী বলে পরিচিত অনেককে দেখা যায়নি। অর্থাৎ, প্রস্তুতি বৈঠকে ঘিরে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বারাসত ২ ব্লক তৃণমূল। রবিউল ইসলাম বলেন, ‘আমি বিধানসভাভিত্তিক প্রস্তুতি বৈঠক আগে করেছি। সেখানে সবাই ছিলেন। আর এদিনের বৈঠকেও কমবেশি সবাই গিয়েছিলেন। আমি বিধানসভায় থাকার কারণে যেতে পারিনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ