নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট ২ অঞ্চলের গাজিপুর বাজারে। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে খবর। ভাঙচুর করা হয়েছে ওই কর্মাধ্যক্ষের গাড়িও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। আহতদের জিরানগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, বিনা প্ররোচনায় আইএসএফের গুন্ডারা হামলা চালিয়েছে। সূত্রের খবর, বিবাদের সূত্রপাত একটি দেওয়াল ঘিরে। আইএসএফ না তৃণমূল, কার দখলে সেই দেওয়াল থাকবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে বিবাদ চলছিল।
শনিবার সন্ধ্যায় সেখানে যান ওই এলাকার দায়িত্বে থাকা ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম। অভিযোগ, তখনই আইএসএফের কর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় তাঁর। এরপর হঠাৎই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে খাইরুল ও তাঁর সহকর্মীদের উপর হামলা চালানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক বলেন, ওই এলাকায় পাড়ায় সমাধান নিয়ে রাস্তা থেকে টিউবওয়েল, যা কিছু হওয়ার ছিল তাতে খাইরুল বাধা দেন। বলেন, এসব এখানে করা যাবেনা। উনি অশান্তি সৃষ্টি করেন। তাই গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন। এর সঙ্গে আইএসএফের কোনো সম্পর্ক নেই। বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ওই তৃণমূল নেতা গালিগালাজ করছিলেন। স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠায় তিনি গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁর গাড়িতে স্থানীয়দের চাপা পড়ার পরিস্থিতি তৈরি হয়। তার পরেই এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে।