সংবাদদাতা, বেলদা: রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পদ্ম পার্টি। রবিবার রাতে নারায়ণগড় থানার গ্রামরাজ পঞ্চায়েতের সানদেউলী গ্রামের ঘটনা। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী সমীর মাজি ঘরছাড়া। তাঁর বাড়িতে থাকা বৃদ্ধা মা, মেয়ে ও পরিবারের সদস্যদের সামনেই দুষ্কৃতীরা বাড়িতে তাণ্ডব চালায় বলে দাবি পরিবারের।
ঘটনায় সোমবার নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমীরের মা পুষ্প মাজি। অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের আরও দাবি, জয়ের পর তাঁদের জরিমানা দেওয়ার জন্য চাপ দেওয়া এবং চাষাবাদে বাধা দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পুষ্প মাজির দাবি, ভাঙচুরের ফলে এই বর্ষার মধ্যে বাড়িটিতে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানান তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের স্থানীয় নেতা নান্টু কুইলার দাবি, ‘আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। নিজেরাই ভাঙচুর করে ঘরে ফেরার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।’ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।