Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কার্বাইন সহ ধৃত তৃণমূল কর্মী, অস্ত্র দেখে চোখ কপালে পুলিসের

স্বয়ংক্রিয় কার্বাইন মেশিনগান সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী। ধৃতের নাম, সাহাজামাল শেখ ওরফে জামাল।

কার্বাইন সহ ধৃত তৃণমূল কর্মী, অস্ত্র দেখে চোখ কপালে পুলিসের
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: স্বয়ংক্রিয় কার্বাইন মেশিনগান সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী। ধৃতের নাম, সাহাজামাল শেখ ওরফে জামাল। তার বাড়ি দক্ষিণ হরিহরপাড়া এলাকায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানে থেকে তাকে ধরা হয়। তল্লাশি চালিয়ে কার্বাইনটি বাজেয়াপ্ত করা হয়। আগ্নেয়াস্ত্রটি হাতবদল করার জন্য ঘোরাঘুরি করছিল বলেই মনে করছে পুলিস। কোথা থেকে এই কার্বাইন নিয়ে আসা হয়েছিল এবং কোথায় পাচার করার মতলব ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। বিশাল আকারের এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দেখে পুলিসের চোখও কপালে উঠেছে। ধৃতকে সোমবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, জামাল-কাণ্ডে হাত ধুয়ে ফেলেছে তৃণমূল। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

Advertisement

অতিরিক্ত পুলিস সুপার (সদর) মাজিদ ইকবাল খান বলেন, ‘আমাদের সোর্স ইনফরমেশন মারফত খবর পেয়ে অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র সহ আমরা একজনকে গ্রেপ্তার করেছি। সে এই অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কী উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল, তা আমরা খতিয়ে দেখছি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’ 
প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীর কাছ থেকে এই অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনগান উদ্ধার হওয়ায় রীতিমতো রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘যার কাছে এই ধরনের আগ্নেয়াস্ত্র ছিল, সে তৃণমূলের প্রাইজ পাবে। দলে তার দর বেড়ে যাবে।’  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ