সংবাদদাতা, ধূপগুড়ি: সরকারি সামগ্রী নিয়ে ফের বিতর্ক। ত্রিপল চুরি করে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ত্রিপলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিয়েছেন বলে দাবি করে তাঁর নামেও অপপ্রচার চালানোর অভিযোগ। ঘটনায় নিত্যানন্দ সরকার নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা-১ গ্রাম পঞ্চায়েতের ১৫/৬৩ নম্বর বুথ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ একটি সরকারি ত্রিপল বিক্রির উদ্দেশ্যে এলাকার সঞ্জয় সরকারের দোকানে যান নিত্যানন্দ সরকার। সেই সময় তার গতিবিধি দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। এরপর তাকে আটকে রেখে ত্রিপলটির উৎস জানতে চাইলে তিনি জানান যে, ওই ত্রিপল তাকে দিয়েছেন ঝাড়আলতা-১ পঞ্চায়েতের প্রধান মাম্পি দেবনাথ গায়েন।
যদিও প্রধানের দাবি, নিত্যানন্দ সরকারকে তিনি কোনো সরকারি ত্রিপল দেননি। তাঁর নাম জড়িয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি সামগ্রী চুরি করে বিক্রির চেষ্টা এবং তাঁর নামে অপপ্রচারের অভিযোগ তুলে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে ত্রিপলটিও। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত ব্যক্তি। তার দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



