Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘরের ছেলে তারকা প্রার্থী ম্যাকোর হয়ে জোর প্রচার তৃণমূলের মহিলা-ছাত্রদের

তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঘরের ছেলে শিবশংকর পালের (ম্যাকো) হয়ে জোর প্রচার শুরু হয়েছে। প্রচারে মহিলা তৃণমূল কংগ্রেস ও টিএমসিপি’র সদস্যরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন।

ঘরের ছেলে তারকা প্রার্থী ম্যাকোর হয়ে জোর প্রচার তৃণমূলের মহিলা-ছাত্রদের
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঘরের ছেলে শিবশংকর পালের (ম্যাকো) হয়ে জোর প্রচার শুরু হয়েছে। প্রচারে মহিলা তৃণমূল কংগ্রেস ও টিএমসিপি’র সদস্যরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। বিগত ১৫ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইনিং করছেন তাঁরা। তৃণমূলের নেতৃত্ব জানিয়েছেন, বিজেপির পরিযায়ী প্রার্থী বিদায়ী বিধায়ক মালতী রাভা রায়কে তুফানগঞ্জে পাওয়া যায় না। উনি ভোটপ্রচার সেড়ে আবার কোচবিহারে ফিরে যান। তাই এবার ঘরের ছেলে ম্যাকোকে এবার বিপুল ভোটে জয়ী করবেন শহরবাসী। 

Advertisement

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হন মালতী রাভা রায়। যদিও চব্বিশের লোকসভা ভোটে সেই ব্যবধান অনেকটাই কমে আসে। এই কেন্দ্র থেকে ৫ হাজার ৬০০ ভোটে লিড দেয় বিজেপি প্রার্থী। অর্থাৎ হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করে তৃণমূল। মালতী রাভা রায়ের আদি বাড়ি তুফানগঞ্জে হলেও, দিনের বেলা প্রচার কর্মসূচি শেষ করে বেশিরভাগই রাতে তিনি কোচবিহারে ফিরে যাচ্ছেন। অথচ তৃণমূলের প্রার্থী হিসাবে প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পালের নাম ঘোষণার পর থেকেই তিনি তুফানগঞ্জে এসে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। 
এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী ম্যাকোকে লিড দিতে প্রচারে ঝড় তুলেছেন দলের শাখা সংগঠনের কর্মীরা। তুফানগঞ্জ শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলিতে প্রচার চালাচ্ছেন তাঁরা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথীর মত নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ছাত্র ও মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সুবিধা-অসুবিধার কথাও শুনছেন। তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি শুভম সরকার বলেন, আমরা প্রচারে গিয়ে  রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরছি। সেই সঙ্গে তৃণমূলের আমলে তুফানগঞ্জে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের চাহিদা পূরণ হয়েছে তাও তুলে ধরা হচ্ছে। এতে সাধারণ মানুষের থেকে ভালো সাড়া মিলছে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ধর বলেন, রাজ্য সরকারের প্রকল্পের সুফল সাধারণ মানুষ যেভাবে পেয়েছেন আমরা আশাবাদী ইভিএমে এর প্রতিফলন দেখা যাবে। 
যদিও এনিয়ে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি তুফানগঞ্জ বিধানসভা আহ্বায়ক বিমল পাল বলেন, তৃণমূলের উপর সাধারণ মানুষের আর আস্থা নেই। ওরা যতই প্রচার করুক তাতে কোনো লাভ হবে না। সিপিএম জেলা কমিটির সদস্য অসীম সাহা বলেন, তৃণমূলের ছাত্র সংগঠন, মহিলারা যতই প্রচারে নামুক শিক্ষিত বেকার যুবক-যুবতী এবং সাধারণ মহিলারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে ভোটবাক্সে জবাব দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ