নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে তৃণমূল বাঁকুড়ায় বাড়ি বাড়ি প্রচার করবে। বাজেটে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হওয়ায় ইতিমধ্যেই লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলারা বাঁকুড়া শহরে মিছিলও করেন। তৃণমূল নেতা-নেত্রীরা বাঁকুড়া শহরের দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও কর্মীদের মিষ্টিমুখ করান।
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে একলপ্তে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করে মা মাটি মানুষের সরকার মহিলা সশক্তিকরণের বার্তা দিয়েছে। এরফলে মা-বোনেদের অনেক উপকার হবে। মহিলাদের পাশাপাশি কৃষক, খেতমজুর, অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের কথাও আমাদের সরকার ভেবেছে। তারজন্য মহিলা সহ সর্বস্তরের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
শহরের বাসিন্দা অনিমা মণ্ডল, টুলি কর্মকার বলেন, আগে সামান্য ইচ্ছা পূরণের জন্য স্বামীদের কাছে হাত পাততে হত। এখন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পোশাক, প্রসাধনী সামগ্রী ইচ্ছামতো কিনতে পারি। আবার ওই টাকা বাঁচিয়ে সন্তানদের পড়াশুনাতেও খরচ করি। কেউ কেউ স্বনির্ভর গোষ্ঠীর মাসিক কিস্তি মিটিয়ে থাকি। জমা টাকার বিনিময়ে এসএইচজি প্রকল্পের আওতায় ব্যাংক ঋণ নিয়ে অনেকে গবাদি পশু কিনেছে। এভাবে বহু মহিলা গত পাঁচ বছরে স্বাবলম্বী হয়েছেন। ভাতার পরিমাণ বৃদ্ধির ফলে আমরা উপকৃত হব।
উল্লেখ্য, এবারের রাজ্য বাজেটে সাধারণ শ্রেণিভুক্ত মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি করে ১৫০০ টাকা করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের তা বেড়ে হয়েছে ১৭০০ টাকা। তারফলে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস চোখে পড়ছে।