Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি শাসিত রাজ্য থেকে আসা শ্রমিকদের সংবর্ধনা দিল তৃণমূল

বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। এ হেন আচরণের লাগাতার প্রতিবাদ করছে তৃণমূল। এবার বেনজিরভাবে বিজেপিকে ‘সবক’ শেখাল বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল।

বিজেপি শাসিত রাজ্য থেকে আসা শ্রমিকদের সংবর্ধনা দিল তৃণমূল
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। এ হেন আচরণের লাগাতার প্রতিবাদ করছে তৃণমূল। এবার বেনজিরভাবে বিজেপিকে ‘সবক’ শেখাল বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল। বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসা দুশোর বেশি পরিযায়ী শ্রমিককে বৃহস্পতিবার দলের তরফে সংবর্ধনা দেওয়া হল। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে রেইনকোট ও ত্রিপল। ওই শ্রমিকরাও ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

Advertisement

পরিযায়ী শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গে বুধবার কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিজেপির বিরুদ্ধে সুর ছিল সপ্তমে। এরপরেই বাংলাজুড়ে প্রতিবাদ আরও ধারালো হয়েছে। এবার বিজেপিকে সবক শেখাতে এগিয়ে এল বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল। ব্লকের অন্তর্গত দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা হাড়োয়ার তৃণমূল নেতা আব্দুল হাই কৌশলে বিজেপিকে শিক্ষা দিলেন। বৃহস্পতিবার দুপুরে একটি প্রেক্ষাগৃহে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এলাকার একটি নির্মাণ সংস্থায় কর্মরত, বিজেপি শাসিত রাজ্য থেকে আসা কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রায় ২০০ জনের বেশি কর্মীর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। পাশাপাশি শ্রমিকদের বর্ষাকালে কাজ করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য প্রত্যেককে দেওয়া হয়েছে একটি করে রেইনকোট। আর বসবাসে যাতে সুবিধা হয় তার জন্য একটি করে ত্রিপল। বিহারের মহম্মদ সাদ্দাম, হরিশকুমার গুপ্তা থেকে মহারাষ্ট্রের সফিকুল ইসলামরা এদিন অনুষ্ঠানে হাজির হন। তাঁরা বললেন, আমরাও সংবাদমাধ্যমে দেখছি, বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে। এটা উচিত নয়। আমরা বাংলাতে সুরক্ষিতভাবে কাজ করছি। কোনও অসুবিধা বা সমস্যা নেই। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের চোখে বাংলা নিরাপদ ও সুরক্ষিত। আব্দুল হাই বলেন, বাংলা সব সময় দেশকে পথ দেখায়। কিন্তু সেই বাঙালিরা আজ আক্রান্ত বিজেপির সৌজন্যে। অথচ বিজেপি শাসিত রাজ্যের শ্রমিকরা স্বীকার করে নিয়েছেন বাংলা নিরাপদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ