Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২ মতুয়া চিকিৎসককে প্রার্থী করে ‘খেলা ঘোরাতে’ চাইছে তৃণমূল, বিজেপির ভরসা গত ভোটের লিড

আসন্ন বিধানসভা নির্বাচনে নদীয়ার রাজনৈতিক সমীকরণে নতুন চমক দিতে মতুয়া সম্প্রদায়ের দুই চিকিৎসককে প্রার্থী করেছে  তৃণমূল কংগ্রেস।

২ মতুয়া চিকিৎসককে প্রার্থী করে ‘খেলা ঘোরাতে’ চাইছে তৃণমূল, বিজেপির ভরসা গত ভোটের লিড
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, কল্যাণী: আসন্ন বিধানসভা নির্বাচনে নদীয়ার রাজনৈতিক সমীকরণে নতুন চমক দিতে মতুয়া সম্প্রদায়ের দুই চিকিৎসককে প্রার্থী করেছে  তৃণমূল কংগ্রেস। কল্যাণী ও হরিণঘাটা এই দুই কেন্দ্রে নতুন মুখকে সামনে এনে ‘খেলা ঘোরানোর’ কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কল্যাণী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জেএনএম হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডলকে। অন্যদিকে, হরিণঘাটা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী ডাঃ রাজীব বিশ্বাস। তিনি কল্যাণী মেডিকেলেরই প্রাক্তন ছাত্র। দুই ক্ষেত্রেই তরুণ ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত মুখকে সামনে রেখে ভোটারদের নতুন বার্তা দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক সময় এই দুই কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীকালে তা তৃণমূলের দখলে আসে। তবে গত বিধানসভা নির্বাচনে দু’টি কেন্দ্রেই জয় পায় বিজেপি। তারপর থেকেই এই দুই এলাকায় সংগঠন মজবুত করতে মরিয়া হয়ে ওঠে গেরুয়া শিবির। পরিসংখ্যান বলছে, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই দুই কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে হরিণঘাটায় ১০ হাজারের বেশি এবং কল্যাণীতে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে লিড পেয়েছিল তারা। ফলে এবারের লড়াই যে যথেষ্ট কঠিন, তা মানছে তৃণমূল নেতৃত্বও। কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে। এই কেন্দ্রেই রয়েছে ঠাকুরনগর। ফলে এই দুই বিধানসভা আসনে স্বাভাবিকভাবেই মতুয়াদের প্রভাব রয়েছে। যা এই দুই কেন্দ্রের ভোটেই বড়ো ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই ভোট ব্যাংককে মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে শাসকদল ও গেরুয়া শিবির।
এদিকে, বিজেপিও জোরকদমে প্রচার শুরু করেছে। হরিণঘাটায় বিদায়ী বিধায়ক অসীম সরকারের উপর ফের আস্থা রেখেছে বিজেপি। যদিও এখনও কল্যাণীতে প্রার্থীর নাম ঘোষণা করেনি তারা। দলীয় নেতৃত্বের দাবি, প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হবে। তৃণমূলের দুই প্রার্থীর দাবি, এলাকার মানুষ সঠিক প্রার্থীর উপর আস্থা রাখবেন, এটাই বিশ্বাস। বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার সহ সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, ২০১৯ সাল থেকে মতুয়ারা বিজেপির সঙ্গে আছেন। তাঁদের নাগরিকত্বের দাবি কেন্দ্রীয় সরকার পূরণ করছে। তৃণমূল ভাঁওতা আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি। তাই এবারের নির্বাচনে মানুষ তৃণমূলকে দশ গোল দেবে।সব মিলিয়ে, কল্যাণী ও হরিণঘাটায় এবারের নির্বাচন হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের। শেষ পর্যন্ত কোন দলের কৌশল সফল হয়, সেটাই এখন দেখার।

সম্পর্কিত সংবাদ