নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার সন্ধ্যায় রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিজ্ঞপ্তি প্রকাশ করে চারজন প্রার্থীর নাম জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী-সহ আরও একজন। সূত্রের খবর, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ৪টে পর্যন্ত চলবে ভোট। এরপর সেদিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে।
দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে। তারই প্রার্থী তালিকা আজ ঘোষণা করল তৃণমূল। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির পাশাপাশি টলিপাড়ার নামী অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করে কার্যতই বড়সড় চমক দিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা। তিনি মোহন গুরুস্বামীর মেয়ে। মোহনবাবু প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন। এই তিনজন ছাড়াও একজন বিশিষ্ট গায়কের নামও এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। নাম প্রত্যাহার করা যাবে ৯ মার্চ পর্যন্ত।