সংবাদদাতা, আলিপুরদুয়ার, দেওয়ানহাট ও মাথাভাঙা: আজ, বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা। গত বছরের অক্টোবরে দুর্যোগের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আলিপুরদুয়ারে ছুটে এসেছিলেন। হাসিমারায় তোর্সা নদী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত সুভাষিণী চা বাগানের শ্রমিকদের বাড়িঘর খতিয়ে দেখে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আজ, বৃহস্পতিবার ফের জেলায় আসছেন পাঁচ প্রার্থীর সমর্থনে জনসভা করতে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর এই জনসভা হবে। মঞ্চ তৈরি থেকে মাঠে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল সহ জনসভার সমস্ত প্রস্তুতি শেষ।
তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, মুখ্যমন্ত্রীর সভায় ৫০ হাজার মানুষের জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। জেলায় এবার ৫-০ ফলে জিতব আমরা। মুখ্যমন্ত্রীর সভার পর আমাদের দলের পালে আরও বেশি করে হাওয়া উঠবে।
কোচবিহার জেলার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙায় সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। ঘোকসাডাঙা হাসপাতাল মোড় এলাকায় এই সভা হবে। দলীয় কর্মী-সমর্থকদের গাড়ি রাখার জন্য আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছে। মঞ্চ থেকে কিছুটা দূরে করা হয়েছে হেলিপ্যাড। মঙ্গলবার সেখানে ট্রায়াল দিয়েছে হেলিকপ্টার। কোচবিহার-ফালাকাটা সড়কের ধারে গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে।
তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, সাবলু বর্মনের সমর্থনে সভা হবে। মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছি। ইতিমধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতা গ্রাম পঞ্চায়েতের গুমানিহাটে মুখ্যমন্ত্রীর সভা করার কথা ছিল। যদিও শেষ মুহূর্তে জায়গা বদল করে ঘোকসাডাঙা হাসপাতাল মোড় করা হয়েছে। ফলে দু’দিক থেকে দলীয় কর্মীরা আসতে পারবেন।
এদিনই দিনহাটা সংহতি ময়দানে নির্বাচনি সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দিনহাটা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী উদয়ন গুহ এবং সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে এই সভা। মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে। মাঠের পূর্বদিকে করা হয়েছে হেলিপ্যাড। ৬০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল নেতৃত্ব। • আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। - নিজস্ব চিত্র।