Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো, আজ ডেবরা ও নারায়ণগড়ে নির্বাচনি সভা

নির্ধারিত সূচি মেনে রবিবার বিকালে খড়্গপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে আছেন মুখ্যমন্ত্রী।

খড়্গপুরে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো, আজ ডেবরা ও নারায়ণগড়ে নির্বাচনি সভা
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর ও বেলদা: নির্ধারিত সূচি মেনে রবিবার বিকালে খড়্গপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে আছেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও ডেবরায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী। দুই সভার মাঝে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও একটি সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে নারায়ণগড় ও ডেবরায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। দু’টি সভাতেই প্রায় ২০-২৫হাজার কর্মী-সমর্থক উপস্থিত হবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

রবিবার বিকাল ৪টে নাগাদ খড়্গপুরের হোটেলে পৌঁছান মুখ্যমন্ত্রী। আজ বেলা ১১টা নাগাদ নারায়ণগড় বিধানসভার বেলদা অডিটোরিয়াম সংলগ্ন স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনি জনসভা হবে। নারায়ণগড় বিধানসভার প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে এই সভা করবেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থী ছাড়াও তৃণমূলের জেলা নেতৃত্ব মঞ্চে উপস্থিত থাকবে। নারায়ণগড় ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা বলেন, বেলদার সভায় প্রায় ২৫হাজার মানুষ উপস্থিত থাকবে। নারায়ণগড় ব্লকের ১৬টি অঞ্চলের প্রতিটি প্রান্ত থেকে সাধারণ মানুষ ও কর্মীদের সভায় নিয়ে আসার জন্য ২০০টিরও বেশি বাস ও ছোটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 
নারায়ণগড়ের সভা শেষ করে তৃণমূল নেত্রী যাবেন পাঁশকুড়ায়। সেখান থেকে ডেবরার সভায় উপস্থিত হবেন মমতা। ডেবরা বিধানসভার প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বালিচক ভজহরি ইন্সটিটিউশনের মাঠে এই সভা হবে। ডেবরা ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর বলেন, প্রায় ২০ হাজার মানুষ এই সভায় উপস্থিত হবে। ধামসা-মাদলের তালে দলনেত্রীকে বরণ করে নেওয়া হবে।
ডেবরার সভা থেকে মুখ্যমন্ত্রী বালিচক উড়ালপুলের অসম্পূর্ণ কাজের জন্য রেলকে নিশানা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গেই ডেবরাবাসীর দীর্ঘদিনের দাবি, ট্যাবাগেড়িয়া সেতুর বিষয়েও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিতে পারেন। সেই আশায় বুক বেঁধেছেন ডেবরার বাসিন্দারা। তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য সকলে মুখিয়ে রয়েছেন। সভার পর ডেবরায় মানুষের উচ্ছ্বাস ও উন্মাদনা আরো বেড়ে যাবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও গড়বেতায় মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, সেই দু’টি সভারও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার রাতে খড়্গপুরের ওই বেসরকারি হোটেলেই মুখ্যমন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ