Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শেষ রবিবারের প্রচারে ঝড় তৃণমূলের, বিজেপি প্রার্থীরা গেলেন মোদির সভায়

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন আরামবাগ মহকুমার তৃণমূল প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা সকালে নিজেদের বিধানসভায় প্রচার সেরে যান হরিপালে প্রধানমন্ত্রীর জনসভায়।

শেষ রবিবারের প্রচারে ঝড় তৃণমূলের, বিজেপি প্রার্থীরা গেলেন মোদির সভায়
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন আরামবাগ মহকুমার তৃণমূল প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা সকালে নিজেদের বিধানসভায় প্রচার সেরে যান হরিপালে প্রধানমন্ত্রীর জনসভায়। দ্বিতীয় দফায় আগামী বুধবার ভোটগ্রহণ। তার আগে এদিন ছুটির দিনে প্রার্থীরা বিশেষ জোর দেন। পুরশুড়ায় প্রচারে গিয়ে বাজনার তালে মহিলাদের সঙ্গে নাচতে দেখা যায় তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে।

Advertisement

আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ এদিন আরান্ডি-১ পঞ্চায়েত এলাকায় গিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। সেখানে তিনি ডেমো ইভিএম নিয়ে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ব্যাপারে মহিলা-পুরুষদের আহ্বান জানান। তারপর দিনভর নানা কর্মসূচিতে ছিলেন মিতাদেবী। বিকেলেও প্রচার কর্মসূচিতে অংশ নেন। অন্যান্য প্রার্থীরাও নানা কর্মসূচিতে ছিলেন। 
পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি এদিন অরুন্ডা এলাকায় জনসংযোগ করেন। বাড়ি বাড়ি হেঁটে প্রচার সারেন। প্রচারে ছিল বাজনা। এক সময় মহিলা ভোটারদের নাচতে দেখে বাজনার তালে তালে পার্থবাবুও কোমর দোলান। পাশাপাশি তিনি সেখানে বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, এই এলাকা বন্যাকবলিত। বর্ষার সময় সেখানকার বাসিন্দারা চরম অসুবিধায় পড়েন। কিন্তু, বিজেপির বিদায়ী বিধায়ক তথা প্রার্থী ওই এলাকায় যাননি। তিনি বিধায়ক হলে এলাকার মানুষের পাশে থাকবেন। রাস্তাঘাট, আলো, জল প্রভৃতি নাগরিক পরিষেবা ভালো করারও আশ্বাস দিয়েছেন পার্থবাবু। কাঁচা বাড়িতে বসবাসকারীদের উদ্দেশে জানান, বিধায়ক হওয়ার ছ’মাসের মধ্যে পাকা বাড়ি তৈরির ব্যাপারে তৎপর হবেন। 
তৃণমূল প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণে তৃণমূল সরকার কোনো ভূমিকা নেয়নি। আমরা তাও বর্ষার সময় প্রতিটি দুর্গতের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষ সব জানে। তৃণমূল প্রার্থীই মানুষকে বিভ্রান্ত করছেন। এদিন বিমানবাবু বৈকুণ্ঠপুর, কেলেপাড়া, তকিপুর, রনবাগপুর প্রভৃতি এলাকায় জনসংযোগ করেন। 
পুরশুড়ার সিপিএম প্রার্থী সন্দীপ কুমার সামন্ত এদিন রামমোহন-১, পুরশুড়া মোড়ে পথ সভায় অংশ নেন। খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়ও এদিন প্রচারে ঝড় তোলেন। তিনি রাজহাটি-১ পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর, কুমার হাট সহ সাতটি বুথে জনসংযোগ সারেন। মহিলারা তৃণমূল প্রার্থীকে বরণ করে নেন। পলাশ বলেন, বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরেছি। বিপুল সাড়া পেয়েছি। 
বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এদিন কিশোরপুর অঞ্চলে প্রচার সারেন। তিনি মন্দিরে পুজো দিয়ে এলাকায় জনসংযোগ করেন। আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেনও এদিন বিভিন্ন গ্রামে প্রচার সেরেছেন।
গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝির সমর্থনে স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার শাওড়া পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সেখানকার ফব প্রার্থী মুক্তারাম ধাউড়ে এদিন ভিকদাস এলাকায় পথসভা করেন। মহকুমার কংগ্রেসের প্রার্থীরাও বিভিন্ন এলাকায় প্রচার সারেন।

সম্পর্কিত সংবাদ