নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। বৃহস্পতিবার রাতে দেগঙ্গার হাদিপুর-ঝিকরা এলাকায় আইএসএফ ও সিপিএমের শতাধিক কর্মী-সমর্থক তাঁদের দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানের। জানা গিয়েছে, হাদিপুর-ঝিকরা এলাকা সিপিএম ও আইএসএফের সংগঠন যথেষ্ট মজবুত। গত নির্বাচনগুলিতে এই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বিরোধীরা চাপে রেখেছিল তৃণমূলকে। ভালো ভোটও পায় তারা। সামনেই ২৬-এর বিধানসভা ভোট। এই অবস্থায় তৃণমূল দেগঙ্গার সংগঠনে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এদিন রাতে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর বুথ থেকেই মূলত তৃণমূলে যোগ দিয়েছেন এই কর্মী-সমর্থকরা। দেগঙ্গা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনিসুর রহমান বলেন, ‘বিরোধী দলের কর্মীরা বুঝতে পারছেন, উন্নয়ন ও সম্প্রীতি রক্ষা করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁরা আমাদের দলে নাম লেখালেন।’ এদিকে নবাগতরাও জানিয়েছেন, উন্নয়নে শামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও সিপিএম এবং আইএসএফের দাবি, নিজেদের দলের লোককে যোগদান করিয়ে প্রচার করছে তৃণমূল। এতে লাভ কিছু হবে না।



