নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজবংশী থেকে আদিবাসী বঞ্চনার অভিযোগ। দুই ভাড়াটিয়ার গোলমাল নিয়ে অশান্তি পাকানো। শনিবার রাখিবন্ধন উৎসবের এসব রুখে শপথ গ্রহণ তৃণমূল কংগ্রেসের। তাদের বক্তব্য, শান্ত শিলিগুড়িকে অশান্ত করতে বিভিন্নভাবে হাঙ্গামা পাকানোর চেষ্টা করছে বিজেপি। তাই এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার শপথ গ্রহণ করা হয়েছে। পাল্টা পদ্মশিবিরের বক্তব্য, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূল। অন্যদিকে, দুই ভাড়াটিয়ার গোলমালে শামিল হওয়া এক যুবককে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিস। ধৃত পাহাড়ের একটি রাজনৈতিক দল ও পদ্মশিবিরের ছত্রছায়ায় ছিল বলে অভিযোগ।
কয়েকদিন আগে রাজবংশী সম্প্রদায়ের উপর বঞ্চনার অভিযোগ তোলেন খোদ শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ সদস্য তৃণমূলের দিলীপ বর্মন। এরপর শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁ আদিবাসীদের উপর বঞ্চনার অভিযোগ করেছেন। এর মধ্যে শহরের কলেজপাড়ায় দুই ভাড়াটিয়ার মধ্যে তুমুল গোলমাল বাধে। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়। সবগুলি ঘটনা নিয়ে শাসক শিবির তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে এদিন শহরের সফদার হাসমিচকে রাখিবন্ধন উৎসবের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। তাতে দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল, মেয়র গৌতম দেব, কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ সহ ছাত্র, যুব ও মহিলারা শামিল ছিলেন। দলের মহিলারা সকল নেতা-নেত্রীদের রাখি পরান। সঙ্গে চলে মিষ্টিমুখ ও লাড্ডু বিলি।
একই ধরনের উৎসব মাটিগাড়া, ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ও এনজেপিতে হয়েছে। দলের জেলা সভাপতি (সমতল) বলেন, শান্ত শিলিগুড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি। ছাব্বিশের নির্বাচনে ওদের হারিয়ে ওই চক্রান্ত রুখতে হবে।
বিজেপির মাটিগাড়ার-নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন পাল্টা বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূল। এতে ওদের লাভ হবে না।
এদিকে, মাটিগাড়ায় গাছ বাঁচানো, ফালাকাটায় পরিবেশ রক্ষার বার্তা দিয়ে রাখিবন্ধন উৎসব করা হয়। আলিপুরদুয়ারে সাপ নিয়ে সচেতনতার বার্তা দিতে রাখিবন্ধন উৎসব করা হয়। পথ নিরাপত্তার বার্তা নিয়ে রাখি উৎসব হয় নকশালবাড়িতে। শিলিগুড়িতে এক রিকশ চালককে রাখি পরাচ্ছেন মহিলারা। - নিজস্ব চিত্র।