সংবাদদাতা, কাটোয়া : সরকারি গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগে এবার গ্রেপ্তার হল মঙ্গলকোটের গোতিষ্ঠা অঞ্চল তৃণমূলের সভাপতি। নতুনহাট-গুসকরা রোডের দু’ ধারে বহু ইউক্যালিপটাস গাছ নির্বিচারে কাটা হয়েছিল৷ সেই ঘটনার তদন্তে নেমে তৃণমূলের অঞ্চল সভাপতির যুক্ত থাকার কথা জানতে পারে পুলিশ। পঞ্চায়েতে বিনা টেন্ডারেই গাছগুলি কেটে নেওয়া হয়েছিল। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ধৃত অঞ্চল তৃণমূল সভাপতির নাম অভয়চাঁদ ঘটক। তাঁর বাড়ি গোতিষ্ঠা অঞ্চলের শুকপুকুরিয়া গ্রামে। ধৃতকে মঙ্গলবার কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের শুকপুকুরিয়া তে নতুনহাট-গুসকরা রোডের দু’ ধারে লাগানো ৭০ টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৩ ফেব্রুয়ারীর। সেই ঘটনার খবর পেয়েই মঙ্গলকোট থানার পুলিশ গিয়ে কাটা গাছগুলি উদ্ধার করেছিল। গাছ গুলি প্রায় ১৬ ফুট করে লম্বা ছিল। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গত ২৬ জুলাই গোতিষ্ঠা গ্রামের বাসিন্দা কেনারাম খাঁকে গ্রেপ্তার করে দু’ দিন নিজেদের হেপাজতে রেখেছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ধৃত অভয়চাঁদ ঘটকের যুক্ত থাকার কথা জানতে পারে। তারপরেই সোমবার রাতে শুকপুকুরিয়া গ্রামের তার বাড়ি থেকেই তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। অভয়চাঁদ ঘটক এলাকায় দোর্দণ্ডপ্রতাপশালী নেতা হিসাবে পরিচিত ছিল। এলাকায় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ২০২১ সালে ভোটের ফল প্রকাশের পর হুমকি দিয়েছিল বলে অভিযোগ। তবে পঞ্চায়েতে বিনা টেণ্ডারে বা বনদপ্তরের বৈধ অনুমতি ছাড়াই কিভাবে সে গাছ গুলি কেটে পাচারের চেষ্টা করেছিল। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিপুল অঙ্কের টাকা ওই গাছগুলি নির্বিচারে কেটে পাচারের মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছিল ধৃত নেতা।