নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া এবং সংবাদদাতা, বিষ্ণুপুর ও খাতড়া: বিজেপি যাতে ৭ নম্বর ফর্ম জমা দিতে না পারে, তারজন্য সোমবার দিনভর বাঁকুড়ায় বিডিও অফিসের সামনে জমায়েত করে তৃণমূল। শাসক দলের নেতাকর্মীরা ব্লক প্রশাসনের কার্যালয় ঘিরে রাখেন। পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপি নেতারা রণে ভঙ্গ দেন। তাঁরা রবিবার পর্যন্ত গর্জালেও এদিন তাঁদের ময়দানে দেখা যায়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন জেলার প্রতিটি বিডিও অফিসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। থানার ওসি, আইসিরা সকাল থেকেই বাহিনী নিয়ে বিডিও অফিসে উপস্থিত হন। দিনভর পুলিশি টহল চলে।
ওন্দার বিধায়ক তথা জেলা বিজেপি নেতা অমরনাথ শাখা বলেন, আমরা শুধুমাত্র ওন্দা বিধানসভার জন্যই ১৫ হাজার ৭ নম্বর ফর্ম সংগ্রহ করেছিলাম। তৃণমূলের বাধায় তা জমা দেওয়া যায়নি। বিষ্ণুপুর ও ইন্দাসে কিছু ফর্ম জমা দেওয়া গেলেও আধিকারিকরা রিসিভ করে দেননি। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা পর্বের মতোই বিডিও অফিসগুলিতে তৃণমূল পিকেটিং করেছিল। আমরা গেলে রক্তারক্তি ঘটত। সেই কারণে দলের নেতাকর্মীরা এদিন বিডিও অফিসমুখো হননি। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। সেই কারণে ওরা বিপুল সংখ্যক ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার চেষ্টা করছিল। মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীরা ওদের রুখে দিয়েছেন।
এসআইআর ইস্যুতে এদিন সকাল থেকেই বাঁকুড়া জেলা প্রশাসনিক ভবনের সামনে তৃণমূল পিকেটিং শুরু করে। শহরের পাশাপাশি বড়জোড়া, ওন্দা, শালতোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা ব্লকেও একই চিত্র চোখে পড়ে। ওইসব ব্লকেও তৃণমূল নেতাকর্মীরা জমায়েত করেছিলেন। অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বড়জোড়ায় বিডিও অফিসের সামনে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বিক্ষোভ দেখান। তাঁরা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। নির্বাচন কমিশন হটকারি সিদ্ধান্ত থেকে সরে না এলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দেন বিএলওরা।
বিষ্ণুপুর বিডিও অফিসের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন চলে। ওই কর্মসূচিতে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ সহ অন্যান্যরা শামিল হন। তাঁরা বিডিও অফিসের সামনে রাস্তায় অবস্থানে বসেন। পরে সিবিআই ও নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ করা হয়। বিষ্ণুপুরের পাশাপাশি এদিন খাতড়া মহকুমা এলাকাতেও শাসক দলের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসআইআরে নামে ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ইন্দপুর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করে তৃণমূল। কর্মসূচিতে অংশ নেন ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন ব্লক সভাপতি। পাশাপাশি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার বার্তা দেন। পরে ব্লক অফিসের সামনে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। অবস্থান বিক্ষোভ কর্মসূচি এদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।