সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম ওই পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন পাটোয়ারিকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের দমদমা এলাকায়। বারুইপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। আহত পঞ্চায়েত প্রধান বলেন, ‘দুর্গাপুজোর অনুমতির নেওয়ার জন্য বারুইপুর থানায় যাচ্ছিলাম। সেই সময় রাস্তায় আমাকে ঘিরে ধরে বিজেপির লোকজন। গাছের ডাল, লাঠি দিয়ে বেধড়ক মারে। মাথায় মারতে যাওযার সময় বাম হাত দিয়ে ঠেকাতে গেলে হাতটা ভেঙে যায়। বাম পায়েও গুরুতর চোট লেগেছে।’ অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য সত্যপ্রিয় চক্রবর্তী বলেন, ‘এই মনোরঞ্জন পাটোয়ারি এলাকায় বহু বিজেপি কর্মীর উপর অত্যাচার চালিয়েছে। নীচুতলার তৃণমূল কর্মীরাও তাঁর হাত থেকে রেহাই পায়নি। এই ঘটনায় বিজেপির জড়িত নয়। পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বার করুক।’



