সংবাদদাতা, কান্দি: বড়ঞা-১ পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তুললেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। এনিয়ে মঙ্গলবার ওই পঞ্চায়েতের বিজেপির পাঁচজন সদস্য কান্দি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। কান্দি মহকুমা শাসক প্রশাসনের এক আধিকারিক বলেন, অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হবে। প্রসঙ্গত, ওই পঞ্চায়েতে মোট ১৬জন সদস্যের মধ্যে তৃণমূল ৯টি আসন পেয়ে বোর্ড গঠন করেছিল। পঞ্চায়েত প্রধান হন তৃণমূলের প্রতিমা দাস। বিজেপি ছ’টি ও কংগ্রেস একটি আসন পেয়েছিল। পঞ্চায়েতে বোর্ড গঠনের পর থেকেই বিজেপির সদস্যদের সঙ্গে প্রধানের বনিবানা হচ্ছিল না। পঞ্চায়েতের সাধারণ সভাগুলিতে বিজেপি সদস্যদের ডাকাও হত না বলে অভিযোগ। আবার সভায় ডাকা হলে তাঁদের মতামতের গুরুত্ব দেওয়া হত না বলে জানিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। এনিয়ে প্রথমবার ২০২৪ সালে বিজেপির সদস্যরা বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন। ওইসময় থেকে বিজেপি সদস্যরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগও করেন।



