Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দলীয় রণনীতি গোপন রাখতে কর্মীদের বেনজির নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক

দলীয় অভ্যন্তরীণ বৈঠকে এবার সতর্ক তৃণমূল কংগ্রেস। তাই বৈঠকে যোগ দিতে হলে বাইরে জমা রাখতে হবে মোবাইল।

দলীয় রণনীতি গোপন রাখতে কর্মীদের বেনজির নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলীয় অভ্যন্তরীণ বৈঠকে এবার সতর্ক তৃণমূল কংগ্রেস। তাই বৈঠকে যোগ দিতে হলে বাইরে জমা রাখতে হবে মোবাইল। ‘দলীয় মির জাফরদের’ বিরুদ্ধে এবার আগেভাগে সাবধানী সিদ্ধান্ত নিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হল। তবে, এই সিদ্ধান্তের তালিকায় বাদ থাকলেন না বিধায়কও। তিনিও নিজের মোবাইল ফোন জমা রেখে বৈঠকে ঢুকলেন। সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়া-১ ব্লকের কন্যাশ্রী সভাগৃহে আয়োজিত তৃণমূলের কর্মী বৈঠকে এমনই নজিরবিহীন ছবি দেখা গেল। বিধায়ক বললেন, সাংগঠনিক বিষয় গোপন রাখতেই এই পদক্ষেপ।

Advertisement

হাবড়া বিধানসভা আসনের মধ্যে রয়েছে রাউতাড়া, পৃথিবা, মছলন্দপুর-২ এবং কুমড়ো-কাশীপুর পঞ্চায়েত। এই চারটি পঞ্চায়েতে দলীয় সংগঠন নতুন করে ঝালিয়ে নিতে ও ভুয়ো ভোটার ধরতে তৎপর তৃণমূল। কেননা, এদেশের এক শ্রেণির দালালের সহায়তায় বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়পত্র বানিয়ে নিয়েছেন। হাবড়া থানার পুলিস ইতিমধ্যেই বেশ কয়েকজন অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কয়েকমাস ধরেই দলের নেতা-কর্মীরা হাবড়া-১ ব্লকের বুথভিত্তিক ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ শুরু করেছে। ২০২৬-এর আগে কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এদিন চারটি অঞ্চলের নেতা-কর্মীদের নিয়ে হাবড়া-১ ব্লক অফিসের কন্যাশ্রী সভাগৃহে রুদ্ধদ্বার বৈঠক করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি এই চার পঞ্চায়েত এলাকায় দলের সংগঠন নিয়েও আলোচনা করেছেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছেন জ্যোতিপ্রিয়। বৈঠকে যোগ দেওয়ার আগে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতিসহ সংগঠনের নেতা ও কর্মীদের সবাইকে বাইরে মোবাইল ফোন জমা  রাখার নির্দেশ দেন বিধায়ক। সেই নির্দেশ মেনেই সকলেই তাঁদের মোবাইল ফোন বৈঠক কক্ষে ঢোকার আগে বাইরে জমা রাখেন। 
শুধু নেতা-কর্মীরাই নন, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল ফোন জমা রেখে ঢুকেছেন। এই ধরনের গোপনীয়তা সাধারণত জেলা স্তরের তৃণমূলের কোন বৈঠকে দেখা যায়নি। এবার নজিরবিহীন সেই গোপনীয়তার ছবি এদিন দেখা গেল হাবড়ার বৈঠকে। এনিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘দলীয় বৈঠক ছিল মূলত সাংগঠনিক ও ভোটার কার্ডের কাজ নিয়ে। সেখানে দলের অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আমরা চাই না, দলের গোপন রণনীতি বাইরে যাক। তাই আগেভাগে এই বেনজির সাবধানতা। সবাইকে মোবাইল ফোন জমা রাখতে বলা হয়। আমিও নিজের তিনটি মোবাইল বাইরে রেখে আসি।’ তবে, তৃণমূলের গোপনীয়তাকে কটাক্ষ করে বিজেপি নেতা দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘তৃণমূল তো নিজেদেরই বিশ্বাস করছে না।’
 মোবাইল জমা রাখা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ