নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ২৭১টি বুথের মধ্যে ২৩৩টি বুথেই পঞ্চাশের বেশি ব্যবধানে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় সংগঠনের এই হতাশাজনক ফলাফলে উষ্মা প্রকাশ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। গত শনিবার বৈঠক চলাকালীন প্রকাশ্যেই কৃষ্ণনগর উত্তর বিধানসভার এই হাল তুলে ধরেন তিনি। অভিষেকের উষ্মা প্রকাশ কৃষ্ণনগর উত্তর বিধানসভায় তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদলের ইঙ্গিত বলেই মনে করেছে অভিজ্ঞমহল। তবে চাপড়া, কালীগঞ্জ, পলাশীপাড়া বিধানসভায় ‘ভালো ফল’ হওয়ায় প্রশংসাও করেছেন অভিষেক। যার ফলে এইসব বিধানসভার তৃণমূল নেতারা খুশি। তবে বিধানসভা নির্বাচনের আগে ‘অপদার্থ’ অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতৃত্বের ডানা ছাঁটার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চলে ফল খারাপ হয়েছে তাদের ঘাড়ে কোপ পড়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র বলেন, ‘আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে আমরা সংগঠনকে মজবুত করছি। যেখানে প্রয়োজন পড়বে সেখানে আলোচনার মাধ্যমে সাংগঠনিক কিছু পরিবর্তন করা হবে। পাশাপাশি নিবিড় জনসংযোগে জোর দেওয়া হচ্ছে।’
চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর শহর ও পঞ্চায়েত এলাকায় ৫৩ হাজার ভোটে পিছিয়ে থাকে তৃণমূল। শনিবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘নদীয়ার কৃষ্ণনগর উত্তরের ২৭১টি বুথের মধ্যে ২৩৩টা বুথে আমরা পঞ্চাশের বেশি ভোটে হেরেছি।’ সেই সঙ্গে যে সমস্ত বিধানসভাতে আমরা ৭০ শতাংশের বেশি বুথে হেরেছি সেখানে বুথ সভাপতি থেকে শুরু করে সকলকে পরিবর্তন করার নির্দেশ দেন। যদিও শুধুমাত্র কৃষ্ণনগর উত্তর বিধানসভার নয়, কৃষ্ণনগর-১ ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার পঞ্চায়েতগুলোতেও মুখ পুড়েছে তৃণমূলের। একই অবস্থা তেহট্ট বিধানসভারও।
তবে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত তিনটি বিধানসভার প্রশংসা করেন অভিষেক বন্দোপাধ্যায়। বিশেষ করে চাপড়া ও কালীগঞ্জ বিধানসভা। চব্বিশের নির্বাচনে চাপড়া বিধানসভায় ৫৮ হাজার এবং কালীগঞ্জ বিধানসভায় ৩৩ হাজার লিড ছিল তৃণমূল কংগ্রেসের। তবে ‘তুলনামূলক› ভালো ফল করেছে পলাশীপাড়া বিধানসভা। এমনটাই বৈঠকে জানান অভিষেক। চাপড়া ব্লকের তৃণমূলের সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় আমরা উচ্ছ্বসিত। উনি আমাদের বিধানসভার প্রশংসা করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে আরও ভালো ফল হবে আমাদের কেন্দ্র থেকে।’ কালীগঞ্জ ব্লকের তৃণমূলের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে আরও ভালো ফল হবে আমাদের বিধানসভা থেকে। সংগঠন আরও মজবুত করা হবে।’ কৃষ্ণনগর-১ ব্লকের কৃষ্ণনগর উত্তর বিধানসভার ব্লক সভাপতি দেবব্রত ঘোষ বলেন, ‘কমিটি তৈরি করার জন্য প্রতিটি অঞ্চলে বৈঠক করা হচ্ছে। সেইমতো প্রতিটি অঞ্চলে থেকে কয়েকজন করে নেওয়া হবে। তারপর আমার বুথে বুথে যাব।’
কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, ‘লোকসভার ফলাফলের নিরিখে কিছু এলাকায় অঞ্চল সভাপতি পরিবর্তন করা হবে।’ ফাইল চিত্র