পুলিশের পরিচয় দিয়ে সাইবার প্রতারণা, মোটা অঙ্কের টাকা খোয়ালেন তিন যুবক
  • ২৩ অক্টোবর, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজো আবহে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়লেন ময়নাগুড়ির তিন বাসিন্দা। ভিন্‌রাজ্য থেকে পুলিশের পরিচয় দিয়ে ফোন করে চাইল্ড পর্নোগ্রাফি দেখার অভিযোগে গ্রেপ্তারি ও মোটা অঙ্কের জরিমানার ভয় দেখানো হয় বলে অভিযোগ। প্রতারকদের হুমকিতে আতঙ্কিত হয়ে তিনজনের কাছ থেকে জরিমানার নাম করে মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতারিতদের মধ্যে একজনের ৯৫ হাজার টাকা, দ্বিতীয়জনের ৬৫ হাজার টাকা এবং তৃতীয়জনের ১ হাজার ৪০০ টাকা খোয়া গিয়েছে। অভিযোগ, সাইবার প্রতারকরা ফোন করে নিজেদের পুলিশ আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে জানানো হয়, চাইল্ড পর্নোগ্রাফি দেখার অপরাধে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কখনও ভিডিও কলের মাধ্যমেও নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে ভয় দেখানো হয়। এরপর শুরু হয় হুমকি। বড় অঙ্কের জরিমানা দিতে হবে, এমনকী আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলেও আতঙ্ক তৈরি করা হয়। সেই ভয় থেকেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা হারান তিনজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। সাইবার প্রতারণার এই ধরনের কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক জানান, চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ আইনত গুরুতর বিষয়। তবে পুলিশের নাম করে অনলাইনে ভয় দেখিয়ে কেউ টাকা দাবি করলে আতঙ্কিত হয়ে টাকা পাঠানো উচিত নয়। এ ধরনের ফোন বা হুমকির মুখে পড়লে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।