নজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের রামকেলিতে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মহদিপুর এলাকা থেকে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শত্রু ঘোষ এবং ছোটন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে মালদহ জেলা আদালতের পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, দশমীর রাতে রামকেলিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় বিজেপি কর্মী সমীর ঘোষকে। খুনের ঘটনার রাতেই রঞ্জন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে। এবার শত্রু ঘোষ ও ছোটন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করল। মালদহের পুলিশ সুপার অনুপম সিং বলেন, রামকেলিতে এখনও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টহলদারি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, রাজনৈতিক বিবাদের জেরে বিজেপি কর্মীকে দশমীর রাতে খুনের অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, পুরনো শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি চালিয়ে খুন করা হয় সমীর ঘোষ নামে ওই বিজেপি কর্মীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী শত্রু ঘোষের সঙ্গে সমীর ঘোষের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । তবে অভিযোগ, রাতের দিকে ফের উত্তেজনা ছড়ায়। শত্রু ঘোষ ও তাঁর দলবল সমীর ঘোষের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। এরপর সমীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। শুধু তাই নয়, তাঁর মৃত্যু নিশ্চিত করতে পরপর দু’রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীর ঘোষের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, নিহতের ভাইয়ের অভিযোগ, তাঁর দাদা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণেই পুরনো আক্রোশ থেকে শত্রু ঘোষ ও তাঁর দলবল বাড়িতে ঢুকে সমীরকে কুপিয়ে ও গুলি করে খুন করেছেন। ঘটনার পিছনে রাজনৈতিক শত্রুতা রয়েছে বলেই দাবি পরিবারের।



