সংবাদদাতা, ময়নাগুড়ি: বিজয়া দশমীর দিন সবাই যখন সিঁদুর খেলায় মাতোয়ারা। তখনই ২০ গ্রাম ওজনের সোনার বালা হারিয়ে যায় ময়নাগুড়ির এক গৃহবধূর। সেই বালাটিই পরে উদ্ধার করে ফিরিয়ে দেন ময়নাগুনড়ি থানার আইসি।
জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সুরভী সাহা। বিজয়া দশমীর দিন সকালে গৃহবধূ ওই সোনার বালাটি পরে পাড়ার মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন। সেই সময় হঠাৎই কয়েক লক্ষ টাকার ওই বালাটি হাত থেকে পড়ে যায়। তখনই তিনি চারিদিকে হন্যে হয়ে ওই বালাটি খুঁজতে থাকেন। কিন্তু তিনি সেটি না পেয়ে হতাশ হয়ে যান। পরবর্তীতে তিনি ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন। অন্যদিকে সিঁদুর খেলা চলাকালীন ওই বালাটি খুঁজে পান হীরা সরকার নামে এক টোটো চালকের স্ত্রী। তিনি সেটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁর স্বামীকে দেখান। তাঁর স্বামী ভাবেন এটি সিটিগোল্ডের। তাই তিনি তাঁর স্ত্রীকে বলেন, কেউ যদি এটার খোঁজ করে তখন তাঁকে যেন ফেরত দিয়ে দেন। পরবর্তীতে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তাঁরা দেখতে পান যে টোটো চালকের স্ত্রী ওই বালাটি তুলে নিয়ে যাচ্ছেন। তখনই সিসিটিভি দেখে গৃহবধূ ওই মহিলাকে চিনতে পারেন এবং পুলিশ নিয়ে ওই মহিলার বাড়িতে যান। তখনই পুলিশের কাছে ওই বালাটি জমা দেন হীরা সরকার। তারপরই ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস ওই বালাটি সুরভী সাহা নামে ওই গৃহবধূকে ফেরত দিয়ে দেন। বালাটি ফেরত পেয়ে খুব খুশি হন ওই গৃহবধূ। পুলিশের এই তৎপরতা ও সহযোগিতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান সুরভী।



