Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অনশন মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতৃত্বের

আচমকা ভোটার তালিকা থেকে পুরাতন মালদহ শহরের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২০০ ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে।

অনশন মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতৃত্বের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: আচমকা ভোটার তালিকা থেকে পুরাতন মালদহ শহরের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২০০ ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে। বিজেপির নেতারা আপনাদের কি খোঁজ নিয়েছেন? কীভাবে ফের ভোটার তালিকায় নাম উঠবে, তারা কি খোঁজ নিয়েছে? আবেগ নয়, ঠান্ডা মাথায় ভাবুন। এভাবেই রবিবার পুরাতন মালদহ শহরের ১৯ নম্বর ওয়ার্ডে অনশন মঞ্চে বিজেপির বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল নেতৃত্ব।

Advertisement

সেখানে ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি নবরঞ্জন সিনহা, আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, দলের জেলা সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ সহ অন্যরা। নবরঞ্জন বলেন, ভোটার তালিকা নিয়ে বিজেপি রাজনীতি করছে। 
শহরে যাঁদের নাম বাদ গিয়েছে, সিংহভাগ হিন্দু। তাঁদের পাশে বিজেপি নেই। তৃণমূল প্রথম থেকেই সবার সঙ্গে রয়েছে। আমাদের কাউন্সিলাররা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। নাম কেন বাদ পড়েছে, বিজেপি এলে জিজ্ঞেস করুন।
এদিকে বিকেলে শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগেও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মঙ্গলবাড়িতে পদযাত্রা করা হয়। সেখানে পুরনো জাতীয় সড়কের উপরে উনুন ধরিয়ে রান্না করতে দেখা যায় তৃণমূল সদস্যদের। ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শমিষ্ঠা গঙ্গোপাধ্যায়, কস্তুরী ঘোষ, শহর সভাপতি অনসূয়া দাস মণ্ডল সহ অন্যরা।
অনুসূয়া বলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয় ১ হাজার ৫০০ টাকা। 
গ্যাসের দাম যেভাবে বাড়ছে, উনুনে রান্নায় ফিরতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। উত্তর মালদহের বিজেপির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, তৃণমূল নানা কথা বলবেই। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছি। তৃণমূলের মতো লোক দেখানো কর্মসূচি করিনি। ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য বিজেপি দায়ী নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ