Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের নেতারাই রং বদলে দলে জায়গা নেবেন না তো! আশঙ্কা বিজেপির নীচুতলার কর্মীদের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূল নেতাদের দলবদলের জল্পনা বাড়ছে।

তৃণমূলের নেতারাই রং বদলে দলে জায়গা নেবেন না তো! আশঙ্কা বিজেপির নীচুতলার কর্মীদের
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূল নেতাদের দলবদলের জল্পনা বাড়ছে। অনেক তৃণমূল নেতা গোপনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। শহরের চায়ের ঠেকগুলিতে এখন আলোচ্য বিষয় এটাই। তৃণমূল নেতারা যোগ দিতে পারেন বিজেপিতে, এই আশঙ্কা বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যেও। তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়ে পদ পেলে দলের দুঃসময়ের নেতা-কর্মীদের কী হবে, সেই আশঙ্কাও করছেন অনেকেই।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে , ইতিমধ্যে বনগাঁ পুরসভার একাধিক কাউন্সিলার গোপনে কয়েকজন বিজেপি নেতার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে চিন্তিত বিজেপির নিচুতলার কর্মীরা। শহরের বিজেপির এক যুবনেতা বলেন, আমরা জানতে পেরেছি বনগাঁ পুরসভার প্রায় ১১ জন তৃণমূল কাউন্সিলার আমাদের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। দলের হয়ে কাজ করতে গিয়ে যাঁদের কাছে মার খেয়েছি, যাঁরা আমাদের একাধিক কর্মীর বাড়িঘর ভেঙেছিলেন, তাঁরা যদি এখন দলে আসেন, তাহলে সেটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয় হবে।
২০২১ সালে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলেও বনগাঁয় বিজেপির উপরই ভরসা রেখেছিল মানুষ। সেই নির্বাচনের আগে ও পরে বহু বিজেপি নেতা, কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। মারধর করা হয়েছিল তাঁদের।
 গত পুরসভা নির্বাচনেও বনগাঁ শহরে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। ভোটাররা ভোট দিতে যেতে ভয় পেয়েছিলেন। বিজেপি এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছিল। এরপরেও এবার সরকার বদল হতেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনেক তৃণমূল নেতা। যদিও বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছে, কোনো তৃণমূলিকে দলে নেওয়া হবে না। এবিষয়ে বনগাঁ উত্তরের জয়ী বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, কোনো তৃণমূল নেতা বিজেপিতে জায়গা পাবেন না। দলের দুঃসময়ে কর্মী সমর্থকরা যোগ্য সম্মান পাবেন। বনগাঁ দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, দুর্নীতিবাজদের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিজেপিতে কোনো তৃণমূল নেতার জায়গা হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ