Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ অভিষেকের সঙ্গে বৈঠকে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতারা, গোষ্ঠী কোন্দল মিটবে? আশায় দলের কর্মীরা

গোষ্ঠীকোন্দল রুখতে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে আজ, মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ অভিষেকের সঙ্গে বৈঠকে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতারা, গোষ্ঠী কোন্দল মিটবে? আশায় দলের কর্মীরা
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: গোষ্ঠীকোন্দল রুখতে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে আজ, মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৭ আগস্ট জেলার নেতাদের নিয়ে বৈঠক করার কথা ছিল অভিষেকের। তা পরিবর্তন হয়ে ২৬ আগস্ট করা হয়। ইতিমধ্যে মালদহ, উত্তর দিনাজপুর জেলার তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। দলীয় সূত্রে খবর, এদিনের মিটিংয়ে থাকবেন তৃণমূলের শাখা সংগঠন ছাত্র, যুব, শ্রমিক, মহিলা, জেলা সভাপতি, চেয়ারম্যান ও জেলার তিন বিধায়ক। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকট। শহিদ দিবসের আগেও ‘আমরা-ওরা’ রাজনীতি দেখেছেন দলের নিচুতলার  কর্মীরা। বিপ্লব মিত্র গোষ্ঠী একদিকে। গৌতম দাস, মৃণাল সরকার, অম্বরীশ সরকার, তোরাফ হোসেন মণ্ডলের নেতৃত্বে আরেকদিকে সমান্তরালভাবে দলীয় কর্মসূচি করেন বলে অভিযোগ। সম্প্রতি গঙ্গারামপুরের আবেশকুড়ি হাইমাদ্রাসার নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু হয়ে পড়ে। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বনাম জেলা চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল-দু’পক্ষই প্রার্থী দেয়। হাইমাদ্রাসার একটি আসনে দু’জন করে তৃণমূল সমর্থিত প্রার্থী হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় দলকে। বিপ্লবও বিরোধী গোষ্ঠীকে এড়িয়ে চলছেন বলে অভিযোগ। দলীয় কর্মসূচিতে ডাকছেন না তাঁদের। এমনকী নাম না করে বিরোধী গোষ্ঠীকে ‘হুংকারও’ দিচ্ছেন। বিধানসভা ভোটের আগে গোষ্ঠী কোন্দল মেটাতে অভিষেকের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে তাকিয়ে দলের নিচুতলার কর্মীরা। সূত্রের খবর, দুই গোষ্ঠীকে জবাবদিহি করতে হতে পারে অভিষেকের কাছে। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ২৬ আগস্ট বৈঠক ডাকা হয়েছে। সবাই মিলে কলকাতায় যাচ্ছি। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে হয়তো। জেলা নিয়ে কিছু জানতে চাওয়া হলে রিপোর্ট দেব। অম্বরীশ বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন, সবাই পালন করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ