


সংবাদদাতা, কান্দি: মধ্যরাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল সালারের তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওর। বৃহস্পতিবার সালার ত্রিদিব চৌধুরী বাস টার্মিনাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ আরও এক প্রৌঢ়কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের চারদিন করে পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ওইদিন গভীর রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় সালার পঞ্চায়েত প্রধান তৃণমূলের ডেজি বিবির দেওর ইউনিস খান ওরফে বাচ্চু সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছে। সেই মতো পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে একটি ওয়ানশটার ও এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানার পরই শুক্রবার সকালে এলাকায় শোরগোল পড়ে যায়। অনেককে যুবকের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। অনেকে এই ঘটনা সত্যি বলে মেনে নিলেও কেউ কেউ এটা পুলিশের ফাঁসানো কেস বলে মন্তব্য করেন। এনিয়ে পঞ্চায়েত প্রধানকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের এক মহিলা বলেন, পঞ্চায়েত প্রধান ও ধৃতের দাদা বাইরে রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কান্দি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ আরও এক প্রৌঢ়কে গ্রেপ্তার করে। ধৃতের নাম মুসানবী শেখ ওরফে বচ্চন। ধৃতের বাড়ি কান্দি থানার গোবিন্দপুর গ্রামে। তার কাছ থেকে একটি ৮ এমএম পিস্তল ও ছ’রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়। পুলিশ জানিয়েছে, যশোহরি গ্রামের একটি ধানের জমিতে ঘাপটি মেরে ওই প্রৌঢ় বসেছিল বলে খবর পাওয়া যায়। পুলিশ পৌঁছে তল্লাশি চালালে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
• নিজস্ব চিত্র