


সংবাদদাতা, উলুবেড়িয়া: সাধারণ মানুষের জমি জোর করে দখল নেওয়ার পাশাপাশি দুর্নীতির অভিযোগে পাঁচলা বিধানসভার জুজারশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন সহ শুভ মাইতি নামে এক তৃণমূল নেতাকে সোমবার গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। ধৃত শুভ মাইতি বিধায়ক গুলশান মল্লিকের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে মন্দিরা জামিন পেলেও শুভকে দু’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পাঁচলা বিধানসভা এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগ আছে। বেশ কয়েক বছর ধরেই পাঁচলা বিধানসভা এলাকায় জমি হাঙরদের দাপট মাথাচাড়া দিয়েছিল। এলাকার মানুষের কাছ থেকে কখনও কম দামে, আবার কখনও জোর করে জমি দখলের অভিযোগ আসছিল। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে পাঁচলা থানায় অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার বিকালে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েনের গ্রেপ্তার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মন্দিরা গ্রেপ্তার হওয়ায় জুজারশা’র মানুষ মুক্তি পেয়েছেন। তাঁদের অভিযোগ, প্রধান পঞ্চায়েত অফিসে বসতেন না। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই তিনি সমস্ত কাগজপত্র সই করতেন। ফলে ছোটোখাটো পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হতেন। পঞ্চায়েতের কাজেও দুর্নীতি হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, শুভ মাইতি বিধায়কের ঘনিষ্ঠ। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে সে জোর করে জমি দখলের পাশাপাশি বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরও করেছে। তাঁদের মতে, দু’জন গ্রেপ্তার হওয়ায় স্থানীয় মানুষ মুক্তি পেয়েছেন। পাঁচলার বিজেপি নেতা রঞ্জন পাল বলেন, এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁরা এদের হাত থেকে নিষ্কৃতি চাইছিলেন। রাজ্যে পরিস্থিতি বদল হওয়ায় তাঁরা এখন সাহস করে থানায় অভিযোগ জানাতে পারছেন। তাঁর কথায়, পাঁচলায় আর জমি মাফিয়া, দুর্নীতিবাজরা থাকবে না। আইন অনুযায়ী অভিযুক্তরা থাকবে শ্রীঘরে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সুবিমল পাল বলেন, ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে শুভ মাইতির বিরুদ্ধে তোলাবাজির পাশাপাশি পুলিশ হেপাজত থেকে পালানোর অভিযোগও আছে।
পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় স্থানীয় বিধায়ক গুলশান মল্লিক বলেন, ওরা এখন ক্ষমতায় এসেছে। গায়ের জোরে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।