নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেলার নাম করে প্রতিবেশীর জমি ‘দখল’ করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি দত্তপুকুরের কাশেমপুর এলাকার। বিষয়টি নিয়ে ওই প্রতিবেশী দত্তপুকুর থানা ও বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। জানা গিয়েছে, দত্তপুকুরের কাশেমপুর পঞ্চায়েত এলাকায় বাড়ি বিধানচন্দ্র রায়চৌধুরী পরিবারের। তাঁদের বসত বাড়ি সহ ১২ শতক জমি রয়েছে। এই জমির পাশেই রয়েছে কাশেমপুর পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী গোপাল কাঞ্জিলালের পৈতৃক সম্পত্তি। জমির দখল নিয়ে দুই পরিবারের অশান্তিও রয়েছে। জমি নিয়ে মামলাও চলছে আদালতে। আর সেই আবহে রাসমেলার জন্য চৌধুরী পরিবারের জমি দখলের অভিযোগ। পরিবারের সদস্য রুম্পা রায়চৌধুরী বলেন, রাসমেলার অজুহাত দেখিয়ে গোপাল কাঞ্জিলাল আমাদের জমি বেআইনিভাবে দখল করে গাছ কেটে ফেলেছেন। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল বলেন, অন্যের জমি দখল করার মানসিকতা আমার নেই। রাসমেলা কমিটি আমাদের পৈতৃক ফাঁকা জমিতে রাসমেলা করার কথা জানিয়েছে। আমরাও অনুমতি দিয়েছি।



