নিজস্ব প্রতিনিধি, বরানগর: নেতাদের ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা অব্যাহত বারাকপুরে। বারাকপুর শহর তৃণমূল সভাপতি তথা কাউন্সিলার সম্রাট তপাদারের কাছে হুমকি ফোন আসে। তাঁর অভিযোগ, রবিবার বিকেল ৪টে নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ভিডিও কল আসে। অভিযুক্ত ব্যক্তি তাঁকে কিছু আপত্তিকর ও এডিটেড ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না পেলে আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও প্রতারকদের ফাঁদে পা না দিয়ে তিনি বারাকপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েকদিন আগেই বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ও টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে ডিজিটাল অ্যারেস্টের নামে অজানা নম্বর থেকে হুমকি কল এসেছিল। পরপর এই ধরনের ঘটনায় বারাকপুরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।



