বিদ্যুৎকান্তি বর্মন, ফালাকাটা: ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ফালাকাটা বিধানসভা কেন্দ্রের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয় পায়নি তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার জেলার এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই শাসকদলের কাছে ‘কাঁটা’ হিসেবে পরিচিত। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গ্রাম পঞ্চায়েতকে ঘিরে বাড়তি নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে আত্মবিশ্বাসী বিজেপি। ইতিমধ্যেই তারা পাড়ায় পাড়ায় খুলি বৈঠকের মাধ্যমে সংগঠন মজবুত করার কাজে নেমেছে। যদিও ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতটি প্রশাসনিকভাবে আলিপুরদুয়ার-১ ব্লকের অধীন। ফলে এই প্রান্তিক এলাকায় পৌঁছে প্রচার চালাতে দুই দলের প্রার্থী ও নেতাদেরই বাড়তি পরিশ্রম করতে হচ্ছে।
একসময় বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। ২১টি বুথ নিয়ে গঠিত পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলটি গত কয়েকটি নির্বাচনেই ফালাকাটার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই রাজনৈতিক মহলেও এই অঞ্চলকে ঘিরে আলাদা নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে ফালাকাটা আসনটি বামেদের দখলে ছিল। বিধানসভার এই পূর্ব কাঁঠালবাড়ি পঞ্চায়েতটিও সেসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। তবে ২০২১ সালে ফালাকাটা আসনটির দখল নেয় বিজেপি। ৩৯৯০ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। এরমধ্যে পূর্ব কাঁঠালবাড়িতেই ৩৮১৩ ভোটে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দেয় বিজেপি। এবার পিছিয়ে থাকা এই ভোটঅংককেই বাড়াতে তৎপর তৃণমূল।
তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায় দাবি করেছেন, এবার আর পূর্ব কাঁঠালবাড়ি বিজেপির দখলে থাকবে না। যদিও গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তবুও জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলে সংগঠন মজবুত করতে তৃণমূল বিশেষ কৌশল নিয়েছে। মোট ২১টি বুথে প্রতিটিতে দু’জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গোটা পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলের জন্য তিনজন বিশেষ পর্যবেক্ষকও রাখা হয়েছে। উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই প্রচারে জোর দিচ্ছে শাসকদল।
অপরদিকে, বিজেপির বিধানসভা কনভেনার জয় সূত্রধর জানিয়েছেন, ফালাকাটা আমাদের শক্ত ঘাঁটি, তার মধ্যে অন্যতম পূর্ব কাঁঠালবাড়ি। অতীতেও আমরা সেখানে লিড পেয়েছি, এবারও পাব। সেই লক্ষ্যেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে, পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে তৃণমূল ও বিজেপির এই লড়াই আসন্ন বিধানসভা নির্বাচনে ফালাকাটার ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।