নিজস্ব প্রতিনিধি, বারাসত: আসন্ন বিধানসভা উপনির্বাচন ও দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার তিনি প্রকল্প উদ্বোধনে হাবড়ায় আসেন। সেখানে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, তৃণমূল এখন টুকরো টুকরো গ্যাংয়ে পরিণত হয়েছে। যে দু’টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেখানে বিজেপিই জিতবে। জঙ্গি অনুপ্রবেশের প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করে মন্ত্রী বলেন, বিগত ১৫ বছর ধরে তৃণমূল রাজ্যে জঙ্গিদের এনেছে। তাদের প্রশ্রয়ও দিয়েছে। হাবড়ায় এসে অগ্নিমিত্রা রাস্তা, নিকাশি, আলো বাজার সংস্কারের কথা বলেন। সংস্কৃতি ও খেলাধূলার জন্য রবীন্দ্রভবন, নাট্য অ্যাকাডেমি এবং স্পোর্টস কমপ্লেক্স তৈরি সহ শহরের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। বাণীপুরের মুক্তিধাম মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেন মন্ত্রী। ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই চুল্লি। তৎকালীন হাবড়ার বিধায়ক সংস্কারের উদ্যোগ নেন। পালাবদলের পর বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের উদ্যোগে সংস্কারের কাজ এগয়। একই অনুষ্ঠানে অম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহেরও উদ্বোধন হয়। প্রকল্পে বরাদ্দ ১৬১ কোটি ৫০ লক্ষ টাকা। ইতিমধ্যে খরচ হয়েছে ১৩০ কোটি। চারটি পর্যায়ে হাবড়ার ২৫ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যা মেটাতে মাস্টার প্ল্যান তৈরির কথা জানান অগ্নিমিত্রা। তিনি জানান, কেএমডিএ’র আধিকারিকরা নিকাশি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। মহালয়ার আগেই শহরের ভাঙাচোরা রাস্তা সংস্কার এবং আলো লাগানোর নির্দেশ দেন তিনি। বাজারগুলিতে প্লাস্টিকের ব্যবহার বন্ধে বায়োডিগ্রেডেবল প্যাকেটের মেশিন বসানোর কথাও জানান। জঞ্জাল নিয়েও বড়ো ঘোষণা করেন অগ্নিমিত্রা। বলেন, ২০২৭ সালের মধ্যে গোটা রাজ্যে কোথাও জঞ্জালের স্তূপ দেখা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত অশোকনগরের বিধায়ক সুময় হীরা। পুরমন্ত্রীকে বিধায়ক দেবদাস মণ্ডল অম্রুত প্রকল্পের কাজে তদন্তের অনুরোধ জানান। হাবড়ার অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।



