Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার

বিবাহিত হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বিবাহিত হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার রামপুরহাট পুরসভার তৃণমূল কাউন্সিলার দলের শহর সহ সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এদিন রামপুরহাট মেডিকেলে ওই শিক্ষিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। 

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। শিক্ষিকার অভিযোগ, সেইসময় ভোটার কার্ড তৈরি নিয়ে প্রিয়নাথের সঙ্গে পরিচয় হয় তাঁর। তখনই প্রিয়নাথ প্রেমের প্রস্তাব দেন। এমনকী শিক্ষিকার বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবা ও মায়ের কাছে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিনি অবিবাহিত বলে জানান। অভিযোগ, এরপর ওই শিক্ষিকাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়। শিক্ষিকা বিয়ের জন্য বলায় ওই কাউন্সিলার বিবাহিত বলে জানান। তাঁর এক পুত্র সন্তানও রয়েছে। তাঁর সঙ্গে প্রতারণার প্রতিবাদ করায় শিক্ষিকাকে শাসানো হয় বলে অভিযোগ। ওই শিক্ষিকা বলেন, লোকলজ্জা ও বৃদ্ধ বাবা-মায়ের কথা ভেবে এতদিন চুপ করে ছিলাম। পরে বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু তারপরও সে আমাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও মানসিক নির্যাতন করতে থাকে। এরইমধ্যে গর্ভে সন্তান আসে। একজনের মাধ্যমে স্বামীকে সম্পর্কের কথা জানিয়ে দেয় সে। বর্তমানে রামপুরহাট আদালতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে। অভিযোগ, তারপরও প্রিয়নাথ কখনও নিজে, কখনও লোকজনকে দিয়ে শিক্ষিকাকে হেনস্তা করছে ও ভয় দেখাচ্ছে। শিক্ষিকা বলেন, গত শনিবার স্কুল যাওয়ার পথে প্রিয়নাথ ও তার লোকজন পথ আটকায়। প্রভাবশালী বলে জাহির করে। পুরো পরিবারকে শেষ করে দেওয়ার ও চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয়। যে কোনও মুহূর্তে আমার ও বৃদ্ধ বাবা-মায়ের উপর হামলা হতে পারে। তাই কোনও উপায় না পেয়ে থানার দ্বারস্থ হলাম। 
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ধর্ষণের ধারায় মামলা রুজু হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই কাউন্সিলারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত নেতাকে বেশ কয়েকবার কল করা হলেও ধরেননি। মেসেজেরও কোনও উত্তর দেননি। এদিন রামপুরহাট শহর পার্টি অফিসে দলের সংবর্ধনা সভায় ছিলেন তিনি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ওই শিক্ষিকাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন ওই তৃণমূল নেতা। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে। পুলিশকে সেই সৎ সাহস দেখাতে হবে। না হলে আমরা পথে নামব।  
এদিন অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় সি‌঩পিএম। পুরসভার সিপিএম কাউন্সিলার সঞ্জীব মল্লিক বলেন, ধর্ষণ, খুন, তোলাবাজি তৃণমূলের কাছে এক একটা ডিগ্রি। এই ডিগ্রি না থাকলে ওই দলে পদ পাওয়া যায় না। ওই নেতাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তৃণমূলের শহর সভাপতি অর্ণব গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে দল ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ