সংবাদদাতা, ময়নাগুড়ি: লোনের বাকি কিস্তি একসঙ্গে পরিশোধ করলে পাওয়া যাবে ১২ হাজার টাকা ভর্তুকি। ফোনে এমন কথা শুনে প্রতারিত হয়ে গেলেন ময়নাগুড়ির বোলবাড়ী এলাকার এক বাসিন্দা উত্তম রায়। তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। রবিবার তিনি ময়নাগুড়ি থানায় এসে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, উত্তম রায় একটি বেসরকারি সংস্থা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা লোন নিয়েছিলেন। মাসে কিস্তি ছিল ৪ হাজার ৬৫৪ টাকা। মোট কিস্তি ছিল ৩৬ টি। এর মধ্যে সাতটি কিস্তি বাকি ছিল।
উত্তম রায় কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত মাসের ১৮ তারিখ তার মোবাইলে একটি ফোন আসে। অভিযোগ, ফোনের অপর পাশে থাকা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন ৩ তারিখ করে যে লোনের টাকা কাটা হয় সেই টাকা তার একাউন্টে রয়েছে কি না। তিনি হ্যাঁ বলার পর সেই ব্যক্তি ফোন কেটে দেন। এরপর ২৪ তারিখ সেই ব্যাক্তি পুনরায় তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি তাঁকে বলেন, আপনার সাতটি কিস্তির টাকা একসাথে পরিশোধ করে দিন। তাহলে প্রচুর লাভ রয়েছে। পাশাপাশি নতুন লোনের আবেদন করা যাবে। এই কথা শুনে লোনের সাতটি কিস্তির টাকা একসঙ্গে তিনি পাঠিয়ে দেন অনলাইনেই। চলতি মাসে সেই বেসরকারি লোন সংস্থা থেকে ফোন আসে উত্তমের কাছে। তারা জানান, তার কিস্তির টাকা জমা পড়েনি। এই কথা শুনেই তিনি ময়নাগুড়ি ছুটে আসেন। সমস্ত কাগজ ও টাকা পাঠানোর স্ক্রিনশট অনলাইনে পাঠিয়ে দেন কম্পানির কাছে। এ কোম্পানি জানিয়ে দেয় কোন টাকা জমা পড়েনি। অবশেষে তিনি রবিবার ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন রবিবার। পুলিশ সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছেন। কে বা করা এই প্রতিরণা চক্রের সঙ্গে জড়িয়ে আছেন তাও তদন্ত করছেন।