নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক পদ্মনেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতির কাছে পৌঁছে গেলেন এক ব্যক্তি। তিনি হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার। তাঁর অভিযোগ, সামাজিক সম্মান রক্ষা, প্রকাশ্যে ডিম বৃষ্টি না করার জন্য তাঁর কাছে মুচলেকা বাবদ ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন কেশব দাস নামের ওই প্রাক্তন কাউন্সিলার। এই ঘটনায় হুগলিতে হইচই পড়েছে। যদিও বিজেপির একাংশের দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা কথা বলতে ওই ব্যক্তি সিদ্ধহস্ত। দলীয়স্তরে বিষয়টি খোঁজ নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। চুঁচুড়ায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টচার্য। তিনি বেরিয়ে যাওয়ার সময়ে আচমকা কেশববাবু তাঁর পা জড়িয়ে ধরেন। প্রথমে উপস্থিত বিজেপি নেতাকর্মীরা বিষয়টি বুঝতে পারেননি। অনেকেই মনে করেছিলেন দলের কোনো অনুগামী হবেন। শমীকের নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেন।
পরে তিনি জানান, সামাজিক সম্মান রক্ষার আবেদন নিয়েই বিজেপি রাজ্য সভাপতির কাছে এসেছিলেন। তিনি বলেন, বাঁশবেড়িয়া তথা সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ এক নেতা আমার কাছে ১০ লক্ষ টাকা চেয়েছেন। টাকা না দিলে ‘ডিমবৃষ্টি’ করে সামাজিক সম্মান নষ্ট করবেন বলে হুমকি দিয়েছেন। ওই বিপুল টাকার চাহিদা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। সুরাহার দাবিতে বিজেপির রাজ্য সভাপতির কাছে এসেছিলাম। এ বিষয়ে বিধায়ক বলেন, ওই ব্যক্তি কেমন, তা বাঁশবেড়িয়ার মানুষ জানেন। তবে আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। দলীয় স্তরে তাঁর অভিযোগ খতিয়ে দেখা হবে।