মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বছরের শুরুতেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন মালদহ জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা দুলাল সরকার (বাবলা)। বৃহস্পতিবার বিকেলে তাঁকে স্মরণ করেই পুরাতন মালদহ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় বলেন, আমাদের প্রিয় নেতাকে স্মরণ করে অনুষ্ঠান করেছিলাম। তাঁর নামে মূল মঞ্চ করা হয়েছিল। ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সিংহভাগ নেতৃত্ব আসায় আমরা খুশি।
এদিন সাহাপুর হাইস্কুল ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হয়। সেখানে ব্লকের গ্রামীণ এলাকার একাধিক দুর্গাপুজো কমিটির সদস্যদের সম্মান জানানো হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে। উপস্থিত ছিলেন ইংলিশবাজার ও পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বশিষ্ঠ ত্রিবেদী, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যরা।
মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন, সেসবও এদিন ব্যাখ্যা করে নেতৃত্ব। সবসময় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তাঁরা।
পুরাতন মালদহ ব্লক তৃণমূল সভাপতি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। অনেক বিজেপি নেতা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। আগামী দিনে গেরুয়া শিবিরের পরাজয় নিশ্চিত। নিজস্ব চিত্র