নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এসআইআরের কাজে তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা মাটি কামড়ে পড়েছিলেন। আর তাই রবিবার মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি হলে তৃণমূলের বিএলএ-২’দের বিশেষ সম্মান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, শালবনী ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাত, মহিলা নেত্রী মৌ রায় সহ প্রথম সারির নেতারা। এদিন মেদিনীপুর বিধানসভার ৩০৪জন বিএলএ-২, ন’জন পঞ্চায়েত ইলেক্টোরাল সুপারভাইজার ও মেদিনীপুর পুরসভার ২৫জন ওয়ার্ড লেভেল ইলেক্টোরাল সুপার ভাইজারদের সংবর্ধনা দেওয়া হয়। ভোট সুরক্ষা সম্মান পান মোজাম্মেল হোসেন, চন্দ্রশেখর তিওয়ারি। এছাড়া তৃণমূল নেতা গৌতম দত্ত, অর্ঘ্য সাউ, সন্তু পালকে বিশেষ সম্মান জানান নেতৃত্ব। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, আমাদের দলের কর্মীরাই সম্পদ। তা আবারও প্রমাণিত হল। নেতা-কর্মীরা নভেম্বর মাস থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। সাধারণ মানুষকে নানাভাবে সহযোগিতা করেছেন। তাই তাঁদের প্রতি সম্মান জানানো হয়েছে। ভোটযুদ্ধে সকলে একসঙ্গে লড়াই করব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআরের কাজ শুরু হতেই তৃণমূলের অন্দরে তৎপরতা তুঙ্গে ওঠে। জেলা তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বিএলএ-২দের (বুথ লেভেল এজেন্ট) ময়দানে নামায়। তাঁরা দিনরাত পরিশ্রম করে এসআইআরের কাজ করেছেন। আর তাতেই খুশি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা মোজাম্মেল হোসেন, চন্দ্রশেখর তিওয়ারি বলেন, দলের তরফে সম্মান পেয়ে আমরা আপ্লুত। ভোটের জন্য আমরা সকলেই প্রস্তুত। দল পাশে দাঁড়ানোয় মনোবল বাড়ল।



